ঢালিউড থেকে বলিউড ক্যারিয়ারের গ্রাফটা এখন ঊর্ধ্বমুখী অভিনেতা আরিফিন শুভর। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’র মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছেন তিনি। সাফল্যের এই মধ্যগগনে দাঁড়িয়েও এবারের ঈদুল ফিতরে শুভকে ছুঁয়ে গেছে এক অদ্ভুত বিষণ্ণ মধুর স্মৃতি। গ্ল্যামার আর জাঁকজমকপূর্ণ উদযাপনের ভিড়ে তিনি বেছে নিয়েছেন এক ভিন্ন পথ, যেখানে কোনো দামি ব্র্যান্ডের পোশাক নয়, বরং মিশে আছে পরলোকগত মায়ের স্পর্শ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় শুভ ভক্তদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভাগ করে নিয়েছেন তার হৃদয়ের গহীনের এক জমানো আবেগ।
ভিডিও বার্তায় শুভ পরনে ছিল মায়ের শাড়ি দিয়ে বানানো একটি বিশেষ পাঞ্জাবি। মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘এইবার ঈদটা আমার জন্য একটু স্পেশাল। প্রায় দেড়-দু বছর ধরে আমি একটা কাজ করছিলাম ‘জ্যাজ সিটি’ নামে সনি লিভের, সেটা রিলিজ হয়েছে রিসেন্টলি। তো আপনারা দেখলে খুশি হবো।’ ক্যারিয়ারের এই বড় অর্জনের কথা শেয়ার করার পরপরই তিনি ফিরে যান তার ব্যক্তিগত অনুভূতির জগতে। শুভ জানান, ‘আমার ঈদ তো এজ ইউজুয়াল মার (মায়ের) শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি পরে মার সাথে সকালবেলা দেখা করতে গেলাম কবরে এবং জিয়ারত করে ফিরে এখন বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডাবাজি করব। খাওয়া-দাওয়া করব।’ মায়ের কবরে জিয়ারত করেই তিনি তার ঈদের দিনটি শুরু করেছেন, যা তার গভীর মাতৃত্ব ভক্তিরই পরিচয় দেয়।
ঢাকার মেঘলা আকাশের কথা মনে করিয়ে দিয়ে শুভ সবার উদ্দেশ্যে বলেন, ‘ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই অনেক খাওয়া-দাওয়া, ঈদ মানেই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আড্ডা দেয়া, গান করা। আশা করছি আপনারা সবাই অনেক অনেক আনন্দ করছেন ঈদের এই দিনে। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। ঈদ মোবারক।’ মায়ের স্মৃতির আঁচলে মোড়ানো শুভর এই ঈদ উদযাপন প্রমাণ করে যে, জীবনের যত বড় সাফল্যই আসুক না কেন, শেকড়ের টান আর প্রিয়জনের স্মৃতি সবসময়ই মানুষের হৃদয়ে অমলিন থাকে। তার এই সহজ-সরল অথচ গভীর আবেগময় বার্তা ভক্তদের মনেও এক বিশেষ দোলা দিয়ে গেছে, যা এবারের ঈদকে শুভর জন্য করে তুলেছে অনন্য ও স্মরণীয়।