Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে ‘প্রিন্স’-এর শো শুরু

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ১৬:০৭

ঈদের আনন্দ মানেই প্রেক্ষাগৃহে প্রিয় তারকার নতুন সিনেমা দেখার উন্মাদনা, আর সেই তারকা যদি হন শাকিব খান, তবে দর্শকদের আগ্রহের পারদ যে আকাশচুম্বী হবে, তা বলাই বাহুল্য। এবারের ঈদুল ফিতরে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা থাকলেও ঈদের প্রথম দিন স্টার সিনেপ্লেক্সের পর্দায় সিনেমাটি না দেখতে পেরে কিছুটা হতাশ হয়েছিলেন রাজধানীর দর্শকরা। কারিগরি কারণে সৃষ্ট ডিসিপি জটিলতায় প্রথম দিন শো চালানো সম্ভব না হলেও সেই মেঘ কাটতে খুব বেশি সময় লাগেনি। ঈদের দ্বিতীয় দিন রাতেই সব জটিলতা কাটিয়ে স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখায় সগৌরবে যাত্রা শুরু করেছে ‘প্রিন্স’।

বিজ্ঞাপন

দীর্ঘ অপেক্ষার পর রাত ৮টা ১০ মিনিটের প্রথম শোটি শুরু হতেই মুহূর্তের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়, যা শাকিব খানের স্টারডম এবং দর্শকদের দীর্ঘ প্রতীক্ষারই প্রতিফলন।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের বিপরীতে এবার প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। দুই নতুনের সঙ্গে শাকিবের এই রসায়ন বড় পর্দায় দেখার জন্য দর্শকরা কতটা মুখিয়ে ছিলেন, তার প্রমাণ মিলেছে প্রেক্ষাগৃহের উপচে পড়া ভিড়ে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও দর্শকদের এই অভাবনীয় সাড়া দেখে রীতিমতো বিস্মিত। তারা জানিয়েছেন যে, শাকিব ক্রেজের কথা মাথায় রেখে এবং দর্শকদের ক্রমবর্ধমান চাহিদার কারণে নিয়মিত শোর পাশাপাশি অতিরিক্ত শো যুক্ত করার বিষয়টিও এখন তাদের গুরুত্বের তালিকায় রয়েছে।

সারা দেশে রেকর্ডসংখ্যক ১৩৩টি হলে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ এখন সিনেপ্লেক্সের আভিজাত্যে যোগ হয়ে ঈদের বক্স অফিসে রাজত্ব করার ইঙ্গিত দিচ্ছে। রঙিন পর্দায় শাকিবের নতুন লুক আর গল্পের মোড় দর্শকদের কতটা মুগ্ধ করে, সেটাই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর