Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড বাদশাহদের ঈদ আনন্দ আর প্রার্থনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ১৬:৩৩

বাংলাদেশ ও ভারতের আকাশজুড়ে ঈদের চাঁদ দেখা দেওয়ার পর থেকেই উৎসবের আমেজে মেতে উঠেছে বলিউড। প্রতি বছরের মতো এবারও ভক্তদের নজর ছিল বি-টাউনের তিন মহারথী-শাহরুখ, সালমান ও আমির খানের দিকে। তবে এবারের ঈদ উদযাপনে ছিল ভিন্নতা আর আবেগের ছোঁয়া। বিশেষ করে সালমান খানের বাড়ির সামনে ভক্তদের উপচে পড়া ভিড় আর প্রিয় তারকাকে একনজর দেখার আকুলতা উৎসবের রঙকে আরও বাড়িয়ে দিয়েছিল। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে সালমান যখন অনুরাগীদর উদ্দেশ্যে হাত নাড়লেন, তখন সেখানে তৈরি হয়েছিল এক আবেগঘন মুহূর্ত।

সালমান খান এবার ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন পরিবারের সবার সাথে। বারান্দার বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে ভক্তদের দেখা দেওয়ার সময় তার পাশে ছিলেন অসুস্থ বাবা সেলিম খান, মা সালমা খান এবং দুই ভাই আরবাজ ও সোহেল খান। শুধু বড়রাই নয়, সালমানের ভাগ্নে-ভাগ্নি আয়াত ও আহিলও মামার দেখাদেখি হাত নেড়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে। অন্যদিকে আমির খান বরাবরই আড়ম্বরহীনভাবে ঈদ পালন করতে পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিজনদের নিয়ে ঘরোয়া পরিবেশে সময় কাটিয়েছেন তিনি। তবে এবার তার আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। সাদা কুর্তা-পাজামায় আমিরের অতিথিদের আপ্যায়ন করার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন

তবে এবারের ঈদে কিছুটা মন খারাপ হয়েছে শাহরুখ ভক্তদের। প্রতি বছর ‘মান্নাত’-এর ছাদে কিং খানকে দেখার যে রেওয়াজ, এবার তা পূরণ হয়নি। সপরিবারে বর্তমানে পলি হিলসের বাড়িতে অবস্থান করায় মান্নাতের আঙিনায় তাকে পাওয়া যায়নি। সরাসরি দেখা না দিলেও ভক্তদের নিরাশ করেননি শাহরুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি সবার জন্য দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। তিনি লিখেছেন, আমরা যা প্রার্থনা করি, তার চেয়েও যেন বেশি কিছু অর্জন করতে পারি। পর্দার এই তিন তারকার ভিন্নধর্মী উদযাপন আর ভক্তদের প্রতি তাদের ভালোবাসা মিলিয়ে এবারের বলিউড ঈদ ছিল আক্ষরিক অর্থেই উজ্জ্বল ও রঙিন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর