‘পিয়া রে’— একটি গান, যা কখনো শুধু সুরে সীমাবদ্ধ ছিল না; বরং হয়ে উঠেছিল সময়ের দলিল, ভালোবাসার এক চিরন্তন ভাষা। বাংলা সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এর এই গান আজও সমানভাবে স্পর্শ করে দর্শকের হৃদয়। মফস্বলের সরল প্রেমের গল্পে ‘কৃষ্ণ’ চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অভিনয় আর জুবিন গার্গের কণ্ঠ— এই দুইয়ের মেলবন্ধনেই গানটি পেয়েছিল অনন্য উচ্চতা।
কিন্তু সময় যেন বড় নির্মম। গত ২৯ মার্চ পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। ইউনিট সূত্রে জানা যায়, শুটিং শেষে মধ্যাহ্নভোজের আগে আরও কয়েকটি শট নেওয়ার কথা বলে পানিতে নামেন রাহুল। কিছুক্ষণের মধ্যেই তাকে ডুবে যেতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে দিঘা হাসপাতালে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীদের ধারণা, সাঁতার না জানা বা বালুর ফাঁদে পা আটকে যাওয়াই এই দুর্ঘটনার কারণ হতে পারে।
উল্লেখ্য, এর আগেও সমুদ্র কেড়ে নিয়েছিল সংগীতশিল্পী জুবিন গার্গকে (২০২৫)। দুই ভিন্ন সময়ে দুই শিল্পীর এমন মর্মান্তিক পরিণতি যেন এক অদ্ভুত মিল তৈরি করেছে—শেষ ঠিকানা একই সমুদ্র।
একসময় দুর্গাপূজার মণ্ডপ থেকে শুরু করে শহর-গ্রাম—সবখানেই শোনা যেত ‘পিয়া রে’। কৈশোরের প্রেম, অপূর্ণতা আর আবেগের প্রতীক হয়ে ওঠা এই গান আজ নতুন করে ফিরে এসেছে স্মৃতির আবরণে।
রাহুল ও জুবিন—দুজনেই আজ নেই, কিন্তু তাদের সৃষ্টি রয়ে গেছে অমলিন। ‘পিয়া রে’ তাই এখন শুধু একটি গান নয়; এটি এক অসমাপ্ত গল্প, দুই হারানো শিল্পীর অমর স্মৃতি।