ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ‘ছুটি রিসোর্ট’-এর অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত ছুটি রিসোর্টে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও ছুটি রিসোর্ট পূর্বাচলের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইল ও ছুটি ফরেস্ট ইগল রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর মো. শামসুল ইসলাম মাসুম এবং ছুটি বিচ রিসোর্ট, জালানানাথ টি রিসোর্ট ও জালানানাথ হাইওয়ে ভিলেজের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। এছাড়াও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী বলেন, “বিদ্যা সিনহা সাহা মিমকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর ব্যক্তিত্ব, জনপ্রিয়তা এবং ভক্তদের সাথে তাঁর গভীর যোগাযোগ ছুটি গ্রুপের মূল্যবোধ ও লক্ষ্যকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করবে।” এই অংশীদারিত্বের মাধ্যমে ছুটি গ্রুপ তাদের ব্র্যান্ড পরিচিতি বাড়ানোর পাশাপাশি পর্যটন, বিনোদন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পৃক্ততা বাড়াতে চায়।
বর্তমানে ছুটি গ্রুপের অধীনে গাজীপুর, পূর্বাচল, পুবাইল এবং সিলেটের কমলগঞ্জে ‘ছুটি ফরেস্ট ইগল রিসোর্ট’ চালু রয়েছে। এছাড়া গ্রুপটি বেশ কিছু নতুন প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে কক্সবাজারে ‘ছুটি বিচ রিসোর্ট’, পূর্বাচলে পাঁচ তারকা হোটেল ‘ছুটি হারমনি’, পুবাইলে ‘ছুটি সিগনেচার’, শ্রীমঙ্গলে ‘জালানানাথ টি রিসোর্ট’, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ‘জালানানাথ হাইওয়ে ভিলেজ’ এবং গাজীপুরের রাজেন্দ্রপুরে ‘ছুটি ভ্যালি’।
নতুন দায়িত্ব নিয়ে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, “ছুটি গ্রুপের সাথে যুক্ত হতে পেরে আমি গর্বিত। বাংলাদেশের পর্যটন খাতে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি, আতিথেয়তা ও অর্থবহ ভ্রমণ অভিজ্ঞতা—এই তিনের সমন্বয়ে তাঁরা যে কাজ করছেন, তার অংশ হতে পেরে আমি আনন্দিত।”
গত ১৪ বছর ধরে ছুটি গ্রুপ বাংলাদেশের হসপিটালিটি খাতে সফলতার সাথে কাজ করে আসছে। প্রকৃতি-নির্ভর, নিরাপদ ও টেকসই রিসোর্ট অভিজ্ঞতা প্রদান করাই এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। এই নতুন অংশীদারিত্ব দেশের ক্রমবর্ধমান লাইফস্টাইল ও পর্যটন খাতে প্রতিষ্ঠানটির অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।