Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে আক্ষেপ ‘অ্যানিম্যাল’ নির্মাতার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬ ১৭:০৮

পপ সঙ্গীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য ও বিতর্কিত জীবন নিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বায়োপিক ‘মাইকেল’। অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত এবং ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ খ্যাত প্রযোজক গ্রাহাম কিংয়ের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা। তবে এই প্রকল্পটি বাস্তবায়নের পথে একসময় বড় ধরনের চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন ‘অ্যানিম্যাল’খ্যাত জনপ্রিয় নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতে, মাইকেল জ্যাকসনের জীবন এমন এক আখ্যান, যা যে কোনো নির্মাতাকেই গভীরভাবে আকর্ষণ করে। তার শৈশব, বর্ণাঢ্য ক্যারিয়ার, মঞ্চে জাদুকরী উপস্থিতি এবং গায়ের রঙ পরিবর্তনের মতো ঘটনাগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণের রসদ জ্যাকসনের জীবনেই বিদ্যমান ছিল। একসময় তিনি নিজেও এই আইকনিক শিল্পীর জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন।

বিজ্ঞাপন

তবে সেই পরিকল্পনা আর বাস্তবায়ন করতে পারেননি এই নির্মাতা। তার মতে, মাইকেল জ্যাকসনের বায়োপিক নির্মাণ প্রায় অসম্ভব একটি কাজ, যার পেছনে সবচেয়ে বড় বাধা ছিল উপযুক্ত ‘কাস্টিং’। জ্যাকসনের অনন্য ব্যক্তিত্ব, কণ্ঠস্বর, নাচের দক্ষতা এবং মঞ্চের উপস্থিতি একজন অভিনেতার পক্ষে ফুটিয়ে তোলা অত্যন্ত কঠিন বলে তিনি মনে করেন। তার ভাষায়, যদি কোনো নির্মাতা এমন একজনকে খুঁজে পান, তবে তা হবে এক স্বপ্নের মতো অর্জন।

পাশাপাশি, জ্যাকসনের জীবনের বিতর্কিত দিকগুলো নিয়ে বায়োপিক নির্মাণে যে স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন, সেটিকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভাঙ্গা। তিনি মনে করেন, আইনিভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো অভিযোগের সত্যতা নির্ধারণ করা একজন নির্মাতার জন্য বেশ জটিল। তবে পরিচালক হিসেবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানিয়েছেন, মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে যে-ই চলচ্চিত্র নির্মাণ করুক না কেন, তিনি দর্শক হিসেবে সেটি উপভোগ করতে অবশ্যই প্রেক্ষাগৃহে যাবেন।

এদিকে, মুক্তি পাওয়া ‘মাইকেল’ চলচ্চিত্রে পপ সম্রাটের চরিত্রে অভিনয় করেছেন তার আপন ভাতিজা জাফর জ্যাকসন। নাচ, কণ্ঠ ও স্টাইল মিলিয়ে তিনি প্রয়াত এই শিল্পীর প্রতিচ্ছবি হয়ে উঠেছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ছবিটিতে জো জ্যাকসনের চরিত্রে কোলম্যান ডোমিঙ্গো এবং ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে নিয়া লং দর্শকদের বাড়তি আকর্ষণ যোগ করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর