Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রাজনীতিতে যোগদানের জল্পনা নিয়ে মুখ খুললেন সুপারস্টার জিৎ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ মে ২০২৬ ১৬:২৬

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক আবহে এখন টলিপাড়ার সবচেয়ে আলোচিত নাম সুপারস্টার জিৎ। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তার অবস্থান এবং গতিবিধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে জিতের উপস্থিতি সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। জল্পনা ছড়িয়ে পড়ে যে, তবে কি এবার রূপালি পর্দা ছেড়ে সক্রিয় রাজনীতিতে নাম লেখাতে চলেছেন এই অভিনেতা?

দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জিৎ। জল্পনা নিরসনে তার সহকারীর মাধ্যমে পাঠানো এক লিখিত বার্তায় অভিনেতা জানিয়েছেন, জয়ী দল এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণের প্রতি সম্মান প্রদর্শন করতেই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। জিতের মতে, নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো একজন নাগরিক এবং শিল্পী হিসেবে তার দায়িত্বের মধ্যেই পড়ে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবারের শপথ অনুষ্ঠানে জিতের পোশাকও ছিল বেশ নজরকাড়া। সাদা পাঞ্জাবি-চোস্ত এবং গেরুয়া উত্তরীয় পরে অনুষ্ঠানে যোগ দিয়ে মঞ্চে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তবে এই পোশাকি সজ্জা বা অনুষ্ঠানে উপস্থিত থাকার মধ্যে কোনো রাজনৈতিক সমীকরণ খুঁজতে নিষেধ করেছেন অভিনেতা। তিনি মনে করিয়ে দেন যে, জিতের এমন অনুষ্ঠানে অংশগ্রহণ নতুন কিছু নয়। ২০১১ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, সেই অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।

নিজের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সরাসরি উত্তর দিয়ে জিৎ বলেন, ‘আমার এই উপস্থিতিতে রাজনৈতিক রঙ খোঁজার প্রয়োজন নেই। আমি এখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’ এর মাধ্যমে তিনি পরিষ্কার করে দিলেন যে, আপাতত সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। পর্দার নায়ক হিসেবেই তিনি দর্শকদের মাঝে থাকতে চান এবং এই জাতীয় অনুষ্ঠানে তার উপস্থিতি কেবলই সৌজন্যমূলক ও অরাজনৈতিক। দীর্ঘদিনের এই গুঞ্জনের অবসান ঘটিয়ে জিতের এই বার্তা তার ভক্তদের আশ্বস্ত করেছে।