১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের অংশগ্রহণে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, তাদের নাচ, গান ও ফ্যাশন-শোর মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করেছে আরটিভি। Inspiration Welfare Society-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে অন্তভূক্তিমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করা হয় । রাজধানীর ৯৫ তেজগাঁও, বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত আয়োজনটি আরটিভি’র পর্দায় আজ (বুধবার) বিকেল ৫টা ৩০মিনিটে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তরা হলেন- ‘ক’ গ্রুপ থেকে ১ম সায়ান হাসান, ২য় ইয়েসাদ বেনসালেম, ৩য় শানায়া তাহনিয়াত, ‘খ’ গ্রুপ থেকে ১ম আরিয়ান আরিন খান, ২য় ইলতুতমিস আব্দুল্লাহ, ৩য় ওয়েন্স লরেন্স গমেজ।
পুরস্কারপ্রাপ্তদের অভিভাবকরা বলেন, ‘পরিবার ও সমাজে আমাদের সন্তানদেরকে নিয়ে অনেক নেতিবাচক কথা শুনতে হয়, তারমধ্যেই আমাদের সন্তান প্রতিযোগিতায় অংশ্রহণ করে বিজয়ী হচ্ছে, পুরস্কার পাচ্ছে, এটা সত্যিই অনেক আনন্দ এবং শান্তনার। আরটিভিকে অশেষ ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য।’
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান স্বাগত বক্তব্যে বলেন, ‘এই আয়োজনটি আন্তরিকতা, সম্মান, ভালোবাসা ও সহমর্মীতার। আরটিভি মনে করে, অটিজম নিয়ে কাজ করাটা এখন প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিক ও মানবিক দায়িত্ব। প্রতিটি প্রাণই মূল্যবান। আমরা চাই কোন শিশু যেন অটিজম বৈশিষ্টের কারণে সমাজ থেকে পিছিয়ে পড়ে না যায়। নিয়মিত অনুষ্ঠানসহ আরো একাধিক আয়োজনের মাধ্যমে আরটিভি সবসময়ই অটিজম সচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, ‘অটিজম এখন আর কারো একার বিষয় নয়, এটি এখন সমাজ ও রাষ্ট্রের নানাবিধ দায়িত্বের অংশ। আমি নিজেও তাদের অটিজম সচেতনতা নিয়ে কাজ করতে চাই। আরটিভি গণমাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে যে কাজ করে যাচ্ছে তা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।’
উক্ত আয়োজনটির পরিচালক ও Inspiration Welfare Society-র সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম বলেন, ‘আমরা যারা অটিজম বৈশিষ্টসম্পন্ন সন্তানের অভিভাবক তারা সবসময়ই একটি চিন্তার মধ্যে থাকতে হয়- আমাদের অবর্তমানে আমাদের সন্তানের কী হবে? কে তাকে দেখে রাখবে? পরিবারের পাশাপাশি রাষ্ট্র তার কতটুকু দায়িত্ব নিবে? আমরা সরকারের নানামুখী উদ্যোগের কথা শুনেছি, আশাকরি অটিজম বৈশিষ্টসম্পন্ন মানুষগুলোর জন্য উন্নত বিশ্বের মতো বাংলাদেশও একটি সুন্দর অন্তর্ভূক্তিমূলক রাষ্ট্রে পরিণত হবে।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ও সঙ্গীতশিল্পী লীনু বিল্লাহ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা, হায়দার হোসেন, রিজিয়া পারভিন, শওকত আলী ইমন, ইথুন বাবু, দিঠি আনোয়ার, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বেনীবুনন-এর সত্ত্বাধিকারী সাহেদুল ইসলাম হেলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তা ইসলাম প্রমুখ। ফ্যাশন-শোর কোরিওগ্রাফ করেছেন আসাদ খান।
সৈয়দা মুনিরা ইসলামের গ্রন্থণা ও পরিচালনায় মনোজ্ঞ আয়োজনটির টাইটেল স্পন্সর ছিলো বার্জার পেইন্টস বাংলাদেশ, সহযোগিতায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, অনলাইন পার্টনার- আরটিভি অনলাইন, ম্যাগাজিন পার্টনার- লুকএ্যাটমি।