দক্ষিণী সিনেমার সুপারস্টার অভিনেতা জুনিয়র এনটিআর-এর জন্মদিনে প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘ড্রাগন’-এর প্রথম ঝলক। ৪ মিনিট ২৫ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। সিনেমাটিকে ঘিরে ভক্তদের মাঝে আগে থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে, যা এই প্রথম ঝলক প্রকাশের পর আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা-পূর্ব সময়ের আফিম শিল্পকে কেন্দ্র করে। ব্রিটিশরা কেন সহজে ভারত ছাড়েনি, সেই ইতিহাসের খোঁজ করতে গিয়ে ব্রিটিশ আমলের মাদক ব্যবসার শিকড় টেনে আনা হয়েছে এই চলচ্চিত্রে।
গল্পের পটভূমিতে দেখা যায়, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ১৯৬৬ সালে আফিমের ব্যবসায়ীরা দুটি শক্তিশালী উপদলে বিভক্ত হয়ে পড়ে। এর একটি হলো ‘আফগান ট্রেডিং কোম্পানি’ এবং অন্যটি ‘গোল্ডেন ট্রেডিং কোম্পানি’। মূলত আফিম ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সিনেমাটির মূল পটভূমি এগিয়ে যাবে। প্রকাশিত প্রথম ঝলকে জুনিয়র এনটিআর-এর পাশাপাশি নজর কেড়েছেন অনিল কাপুর, বিজু মেনন, রুক্মিণী বসন্ত এবং আশুতোষ রানার মতো জনপ্রিয় তারকারা। সিনেমাটিতে জুনিয়র এনটিআর ‘আফগান ট্রেডিং কোম্পানি’র হয়ে প্রতিপক্ষ দলকে নিশ্চিহ্ন করতে এক রক্তক্ষয়ী খেলায় মেতে ওঠেন, যেখানে চেনা এই অভিনেতাকে একদম অচেনা রূপে আবিষ্কার করা গেছে। ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল পরিচালিত এই বিগ বাজেটের ছবিটি আগামী ১১ জুন পাঁচটি ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।