ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার যুক্ত হলেন আবাসন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান নর্থ সাউথ গ্রুপের সাথে। প্রতিষ্ঠানের নতুন শুভেচ্ছাদূত হিসেবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। রাজধানীর ঢাকা রিজেন্সী হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আবাসন খাতে গ্রাহকদের কষ্টার্জিত অর্থের সঠিক মূল্যায়ন ও শতভাগ নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় অপু বিশ্বাসকে প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নর্থ সাউথ গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহফুজুর রহমান জানান, অপু বিশ্বাস শুধু প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নন, তিনি একজন সম্মানিত গ্রাহকও। বিভিন্ন প্রজেক্ট সরেজমিনে পরিদর্শন করার পর তিনি সেখানে প্লট ক্রয় করেছেন, যা প্রতিষ্ঠানের প্রতি তার গভীর আস্থারই বহিঃপ্রকাশ। এই আস্থার বিষয়টি নতুন করে দর্শকদের মনে আগ্রহ তৈরি করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপু বিশ্বাসকে তার নতুন এই যাত্রার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
নতুন এই দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত অপু বিশ্বাস। তিনি জানান, আবাসন খাতে গ্রাহকদের আস্থার জায়গাটি তৈরি করা ও তা বজায় রাখা সবচেয়ে জরুরি। নর্থ সাউথ গ্রুপকে নিজের সন্তানের মতো ভালোবেসে সাফল্যের শিখরে নিয়ে যেতে চান তিনি। সাধারণ গ্রাহকদের জন্য নিরাপদ আবাসন ও শতভাগ নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে তিনি নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন। তার বিশ্বাস, এই অংশীদারিত্ব পারস্পরিক আস্থা ও সফলতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম সাজু জানান, আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে নর্থ সাউথ গ্রুপ দীর্ঘদিন ধরে মানসম্মত সেবা দিয়ে আসছে। অপু বিশ্বাসের মতো একজন জনপ্রিয় এবং ইতিবাচক ভাবমূর্তির তারকার যুক্ত হওয়া ব্র্যান্ডটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। এছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুল হোসেন খানসহ অন্য কর্মকর্তারাও এই নতুন যাত্রাকে স্বাগত জানিয়েছেন। তারা আশাবাদী যে, অপু বিশ্বাসের সাথে এই পার্টনারশিপ করপোরেট কার্যক্রম ও ব্র্যান্ড ভ্যালুকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাভ) নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তমা রশিদ। এই নতুন চুক্তির মাধ্যমে আবাসন খাতে গ্রাহকদের আস্থার প্রতীক হিসেবে নর্থ সাউথ গ্রুপ তাদের অগ্রযাত্রা আরও গতিশীল করতে চায়।