Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় বিপাকে রণবীর সিং, জারি হলো নিষেধাজ্ঞা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ মে ২০২৬ ১৩:৫৫

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংকে নিয়ে তৈরি হয়েছে বড়সড় আইনি ও পেশাগত জটিলতা। নির্মাণাধীন ‘ডন ৩’ সিনেমা থেকে আচমকা তার সরে দাঁড়ানোকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতামূলক নির্দেশনা জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। বিষয়টি নিয়ে সিনেমার মূল নির্মাতা ফারহান আখতারের সঙ্গেও রণবীরের তীব্র মতবিরোধ তৈরি হয়েছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটির শুটিং শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে রণবীর প্রজেক্টটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। এনভয় হুট করে নেওয়া এই সিদ্ধান্তের কারণে নির্মাতাদের সঙ্গে তার সম্পর্ক বেশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমদিকে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। নিরুপায় হয়ে ফারহান আখতার এফডব্লিউআইসিইর প্রাতিষ্ঠানিক সহযোগিতা চান।

বিজ্ঞাপন

এরপরই সংগঠনটি রণবীরের বিরুদ্ধে নন-কোঅপারেশন বা অসহযোগিতার নির্দেশনা জারি করে। এর ফলে ইন্ডাস্ট্রির সব সদস্যকে আপাতত এই অভিনেতার সঙ্গে কাজ না করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, ‘ডন ৩’–এর প্রযোজনা সংশ্লিষ্ট প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতির বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত সবার তার সঙ্গে কাজ করা থেকে বিরত থাকতে হবে। এর আগে গত ১৮ মে এফডব্লিউআইসিই জানিয়েছিল, আলোচনার জন্য একাধিকবার ডাকা হলেও রণবীর তাদের সামনে উপস্থিত হননি।

পুরো ঘটনাটি প্রকাশ্যে আসার পর রণবীর সিংয়ের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, তিনি চলচ্চিত্র জগৎ এবং ‘ডন ৩’এর সঙ্গে যুক্ত সবার প্রতি পূর্ণ সম্মান বজায় রাখেন। পুরো পরিস্থিতিতে তিনি সচেতনভাবেই সামাজিক বা গণমাধ্যমে নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ব্যক্তিগত ও পেশাগত সব বিষয় তিনি পারস্পরিক সম্মান এবং মর্যাদার সঙ্গে সামাল দেওয়ার পক্ষে। নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হলেও তিনি প্রকাশ্যে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন অনুভব করেননি। বর্তমানে তার সমস্ত মনোযোগ নিজের কাজ ও ভবিষ্যতের নতুন পরিকল্পনার দিকেই রয়েছে। সেই সঙ্গে ‘ডন ৩’ সিনেমার সার্বিক সফলতাও কামনা করেছেন এই অভিনেতা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর