Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই বছর পর নতুন চমকে ফারিয়া-বাঁধনের ‘লজ্জা’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২১

দীর্ঘ আড়াই বছরের নীরবতা ভেঙে অবশেষে ফ্লোরে নামছে আলোচিত সিনেমা ‘লজ্জা’। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই চলচ্চিত্রে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং আজমেরী হক বাঁধন।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘লজ্জা’র মূল দৃশ্যধারনের কাজ বা শুটিং শুরু হতে যাচ্ছে। সব ঠিক থাকলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৭ সালে।

দুই বছর আগে ঘোষিত এই প্রজেক্টটি নতুন করে আলোচনায় আসার পর থেকেই প্রশ্ন উঠছে এর পরিচালক পরিবর্তন নিয়ে। ২০২৪ সালের ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে প্রথম ‘লজ্জা’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই চুক্তিপত্রের তথ্য অনুযায়ী, গল্প ও চিত্রনাট্য রচনার পাশাপাশি ছবিটি পরিচালনা করার কথা ছিল জাজ কর্ণধার আবদুল আজিজের নিজে।

বিজ্ঞাপন

তবে বর্তমান খবর অনুযায়ী, সিনেমাটি পরিচালনা করছেন এমএইচ খোকন এবং গল্প লিখেছেন আবদুল আজিজ। দুই বছর আগের ঘোষিত সিনেমাটি পরিচালক বদলে নতুনভাবে শুরু হচ্ছে কি না এ বিষয়ে জানতে চাওয়া হলে স্পষ্ট কোনো উত্তর দেননি আবদুল আজিজ। তিনি জানান, আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে খুব দ্রুতই এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে।

পথচলার শুরু থেকেই জাজ মাল্টিমিডিয়া নারীকেন্দ্রিক সিনেমা প্রযোজনায় প্রাধান্য দিয়ে এসেছে যেমন ‘অগ্নি’, ‘অনেক সাধের ময়না’, ‘তবু ভালোবাসি’, ‘জ্বিন’ ও ‘পাপ’। সেই ধারাবাহিকতায় ‘লজ্জা’ সিনেমাতেও মূল ও খলচরিত্রসহ বড় একটি অংশ থাকছে নারী শিল্পীদের ওপর নির্ভর করে।

জানা গেছে , এটি একটি সমাজ সচেতনতামূলক গল্পের চলচ্চিত্র হতে যাচ্ছে। সমাজের একটি সুনির্দিষ্ট সমস্যা ও রিয়্যালিটিকে দর্শকদের সামনে তুলে ধরা এবং আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াই এই সিনেমার মূল বার্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর