Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্লাড ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী কিরণ খের


১ এপ্রিল ২০২১ ১৫:০৮

বলিউডে আবার এক দুঃসংবাদ। ব্লাড ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ও সাংসদ কিরণ খের। এই মুহূর্তে তিনি মুম্বাইয়ে চিকিৎসাধীন। ভারতীয় গণমাধ্যমে এ খবর জানিয়েছেন চণ্ডীগড়ের বিজেপি সভাপতি অরুণ সুদ। যদিও এখনও এবিষয়ে অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, জাতীয় পুরস্কার বিজয়ী বর্ষীয়ান এই অভিনেত্রী মাল্টিপল মায়ালেমায় আক্রান্ত, যা ব্লাড ক্যানসারেরই একটি প্রকার। বুধবার বিশেষ এক সাংবাদিক সম্মেলনে অরুণ সুদ জানিয়ে দেন, ৬৮ বছরের অভিনেত্রী-সাংসদ গত বছরের শেষ সময় থেকেই অসুস্থ। গত কয়েক মাস ধরে চলতে থাকা চিকিৎসায় আপাতত কিছুটা সুস্থ রয়েছেন তিনি।

বিজ্ঞাপন
কিরণ খের

কিরণ খের

অরুণ সুদ আরও জানিয়েছেন, ২০২০ সালের ১১ নভেম্বর হাত ভেঙে যায় কিরণের। এরপরই তার মেডিক্যাল টেস্ট করানো হয়। তখনই ধরা পড়ে তার মাল্টিপল মায়ালেমা হয়েছে। জানা যায়, অসুখ ছড়িয়ে পড়েছে তার বাঁ হাত থেকে ডান কাঁধ পর্যন্ত। এরপর ৪ ডিসেম্বর থেকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শুরু হয় তার চিকিৎসা।

এখন কেমন আছেন অভিনেত্রী? এ প্রশ্নের উত্তরে অরুণ সুদ জানিয়েছেন, চার মাস চিকিৎসা চলার পর তিনি এখন কিছুটা সুস্থ। হাসপাতালেও এই মুহূর্তে ভর্তি নন তিনি। তবে চিকিৎসার জন্য নিয়মিতই তাকে হাসপাতালে যেতে হচ্ছে।

অনুপম খের ও কিরণ খের

অনুপম খের ও কিরণ খের

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খেরের স্ত্রী কিরণ ২০১৪ সালে প্রথমবার নির্বাচনে জয়ী হয়ে চণ্ডীগড়ের সাংসদ হন। ২০১৯ সালেও আবার জয়ী হন তিনি। অভিনয় জীবনে দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ‘সর্দারী বেগম’ (১৯৯৬) চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি পুরস্কার এবং পরবর্তী সময়ে ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

বিজ্ঞাপন

আরো