Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবির প্রেম ও বিরহ নিয়ে ‘নুরুলের শেষের কবিতা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ জুলাই ২০২১ ১৯:২৬

জনপ্রিয় অভিনেতা নিকুল মন্ডল। নানামাত্রিক অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। দেখা দিয়েছেন ‘দেবী’র মতো সিনেমাতেও। এবার তিন হাজির নতুন পরিচয়ে। নাটক নির্মাণ করলেন তিনি। নাম ‘নুরুলের শেষের কবিতা’। এ নাটকটি রচনা করেছেন সাংবাদিক লিমন আহমেদ।

নাটকটিতে এক কবির নিরব প্রেম ও বিরহ ফুটে উঠেছে। যেখানে দেখা যায় প্রেমিকা কবিতার জন্য তার কবি হয়ে উঠা। সেই প্রেমিকাকে হারানোর শোক বুক নিয়ে বেড়ান তিনি।

নাটকে কবি চরিত্রে অভিনয় করেছেন ‘ঊনপঞ্চাশ বাতাস’খ্যাত তারকা ইমতিয়াজ বর্ষণ। তার প্রেমিকা চরিত্রে দেখা যাবে লাক্স তারকা নাজিয়া হক অর্ষাকে। এছাড়াও নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ট্রান্সজেন্ডার হোচিমিন।

বিজ্ঞাপন

নাটকটির জন্য একটি গান লিখেছেন এ প্রজন্মের জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর। অনুরুদ্ধ সুরের সুরে সুমন কল্যাণের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবলীনা সুর।

নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন এপি শুভ। এর ডিওপি হিসেবে ছিলেন সুমন হোসাইন।

‘নুরুলের শেষের কবিতা’ নাটক প্রসঙ্গে নিকুল মন্ডল বলেন, ‘এ নাটক দিয়ে আমার পরিচালক হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে। অনেক আবেগ ও প্রত্যাশা মিশে আছে এ কাজটির সঙ্গে। আমি ধন্যবাদ জানাই আমার এ নাটকের সঙ্গে সম্পৃক্ত সবাইকে। খুব ভালো একটি টিম পেয়েছি বলে কোনো বাজে অভিজ্ঞতা ছাড়াই নাটকটির কাজ শেষ করতে পেরেছি। সবার ভালোবাসা নিয়ে পরিচালনায় নিয়মিত হতে চাই।’

নিকুল তার নাটকের গল্প প্রসঙ্গে জানান, মহল্লার একসময়ের ডাকসাইটে সুন্দরী কবিতা অনেকদিন পর মহল্লায় ফিরে আসে। স্বামীর সঙ্গে সে কলকাতায় থাকতো। হঠাৎ কেন সে ফিরে এলো তা জানা যায় না। তবে তার মলিন মুখ দেখে অনেকে কষ্ট পায়, অনেকে নানারকম গল্পও ছড়ায়। কেউ বলে কবিতার স্বামী তালাক দিয়েছে। কেউ বলে কবিতা বিধবা হয়ে ফিরে এসেছে। কবিতা বা তার পরিবার এসব নিয়ে মুখ খুলে না। এদিকে কবিতার প্রত্যাবর্তনে উল্লাস বয়ে যায় মহল্লার কবি সংঘে।

এ সংঘের সভাপতি কবি নুরুল একসময় ভালোবাসতো কবিতাকে। খবর পেয়ে নুরুল কবিতাকে দেখতে তার বাড়ি যায়। কিন্তু কবিতার সাড়া মিলে না। বারবার চেষ্টাতে ব্যর্থ হয়ে সে আবার কবিতা লিখতে শুরু করে। এবার সাড়া মিলে। কবিতার জবাব আসে পালটা কবিতায়। নুরুলের আনন্দ আর দেখে কে। নুরুল আবার নিয়মিত আড্ডা দিতে শুরু করে ছাদে। আগে কবিতা ছাদে আসতো তার সঙ্গে দেখা করতে। এখন আসে না। কবিতা লিখলে জবাব আসে কিন্তু মানুষ কবিতার দেখা মেলে না। নুরুল জানতে চায় কবিতার স্বামী-সংসারের খবর। সেসব চেপে যায় কবিতা।

বিষয়টি রহস্যের জন্ম দেয় নুরুলের মনে। সে আরও অবাক হয় কবিতার লেখা কবিতাজুড়ে শুধু বিষাদ আর হাহাকার দেখে। একদিন সে ঠিক করে, আর অনুমতি নেবে না। জোর করেই কবিতার মুখোমুখি হবে। হঠাৎ এক খবরে ঘটনা মোড় নেয় নাটকের গল্পে। যা দর্শককে ভাবাবে।

‘নুরুলের শেষের কবিতা’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ, মিলি বাশার, মাসুম বাশার, আনন্দ খালেদ, হিল্লোল সরকার, জাহিদ হিমেল, জুয়েল মিয়া প্রমুখ।

শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন নিকুল মন্ডল।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

খুলনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪

আরো