Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত মেহজাবীন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেত্রী, নির্মাতা আফসানা মিমিকে কাছে পেতেই গুরু বলে সম্মোধন করলেন মেহজাবীন। যখন অভিনয় শুরুই করেননি মেহজাবীন; মাত্র প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে নিতে ব্যস্ত; তখন শিক্ষক হিসেবে পেয়েছিলেন দেশ বরেণ্য আফসানা মিমিকে। অভিনয়, সংলাপের খুঁটিনাটি বিষয়গুলোর সঙ্গে মেহজাবীনের পরিচয় তার কাছ থেকেই। শেখার শুরুটাও সেখানে।

সেই শিক্ষক এসেছিলেন মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ’প্রিয় মালতী’ দেখতে। বড় পর্দায় মেহজাবীন কেমন করেছে জানতে চাইলে গুরু আফসানা মিমি জানান, তার শিষ্য ভালোই শুধু করেনি, খুব ভালো করেছে।

অভিনেত্রী জয়া আহসান তো রীতিমতো ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন মেহজাবীনকে। সিনেমা দেখা শেষে জয়া বলেন, ’অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ক একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।’

বিজ্ঞাপন

নুসরাত ইমরোজ তিশা বলেন, ’মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা উপহার দেবার জন্য।’

বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মীর্জা, ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, রায়হান রাফি, আহমেদ শাওকী, রাকা নওশীন নাওয়ার, শাহরিয়ার শাকিল শুভেচ্ছা জানিয়েছেন ’প্রিয় মালতী’ টিম এবং মেহজাবীনকে। ২৪ ডিসেম্বর রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী।

ভালোবাসায় সিক্ত মেহজাবীন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বলেন, ’যেটা আশা করেছিলাম, সেরকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল এবং প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।

২০ ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীন অভিনীত প্রথম ছবি ’প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ’প্রিয় মালতী’-তে মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক। ছবিটি পেয়েছে ইউ গ্রেডের সেন্সর সার্টিফিকেট, অর্থাৎ সব বয়সী দর্শকরা এটি দেখতে পারবেন।

ছবিটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে। ’প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প।

‘প্রিয় মালতী’-তে নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

এরই মধ্যে ছবিটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ’প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশিয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শক।

সারাবাংলা/এজেডএস