ব্যক্তিগত যোগাযোগ আর অফিসের কাজ এ দুটো সামলাতে গিয়ে আমাদের প্রায়ই একাধিক ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। কিন্তু প্রতিটি ইমেইলের জন্য আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করা যেমন ঝামেলার, তেমনি এতে ফোনের স্টোরেজও দ্রুত ফুরিয়ে যায়।ব্যবহারকারীদের এই ভোগান্তি কমাতে গুগল তাদের জিমেইল অ্যাপে নিয়ে এসেছে দারুণ এক সুবিধা। এখন থেকে একটি অ্যাপেই আপনি গুগল ছাড়াও ইয়াহু, আউটলুক বা আইক্লাউডের মতো একাধিক অ্যাকাউন্ট অনায়াসেই ব্যবহার করতে পারবেন।
এক অ্যাপে সব ইমেইল ব্যবহারের সুবিধা
বর্তমানে অধিকাংশ ব্যবহারকারীই স্মার্টফোনে ব্যক্তিগত এবং পেশাদার সব কাজ সারেন। গুগল অ্যানড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের এমন এক প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে গুগল অ্যাকাউন্টের পাশাপাশি আউটলুক (Outlook), আইক্লাউড (iCloud) এবং ইয়াহুর (Yahoo) মতো নন-গুগল পরিষেবাগুলোও জিমেইল অ্যাপের ভেতরেই ব্যবহার করা সম্ভব।
যেভাবে যুক্ত করবেন নতুন অ্যাকাউন্ট
আপনার সেকেন্ডারি জিমেইল আইডি বা অন্য কোনো প্রোভাইডারের ইমেইল অ্যাকাউন্ট যুক্ত করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. ফোনে থাকা Gmail অ্যাপটি খুলুন।
২. স্ক্রিনের উপরের ডানদিকে আপনার প্রোফাইল ছবিতে (Profile Picture) ক্লিক করুন।
৩. সেখান থেকে ‘Add another account’ অপশনটি বেছে নিন।
৪. আপনার ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানটি বেছে নিন (যেমন- Google, Outlook, Hotmail, iCloud বা Yahoo)।
৫. পরবর্তী ধাপে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন সম্পন্ন করুন। আপনার আইডিতে টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে কোড দিয়ে যাচাই করে নিন।
অফিস বা প্রাতিষ্ঠানিক ইমেইল যোগ করার নিয়ম
যদি আপনার প্রতিষ্ঠানের ইমেইলটি গুগল বা ইয়াহুর মতো সাধারণ তালিকার অন্তর্ভুক্ত না হয়, তবে ম্যানুয়ালি তা যুক্ত করতে পারবেন। এর জন্য:
‘Add another account’ মেনু থেকে ‘Other’ অপশনটি ক্লিক করুন।
আপনার ইমেইল ঠিকানা লিখে ‘Personal (IMAP)’ মোডটি বেছে নিন।
আপনার অফিস বা প্রোভাইডারের নির্দিষ্ট সার্ভার সেটিংস (সার্ভার নাম, পোর্ট এবং সিকিউরিটি মোড) প্রদান করে সাইন-ইন সম্পন্ন করুন।
এক ক্লিকেই সব মেসেজ দেখার ম্যাজিক!
জিমেইল অ্যাপের সবচেয়ে কার্যকর ফিচার হলো ‘All inboxes’। অ্যাপের বাম দিকের মেনু (থ্রি-লাইন মেনু) থেকে এই অপশনটি চালু করলে আপনাকে বারবার প্রোফাইল পরিবর্তন করতে হবে না। আপনার সব কটি অ্যাকাউন্টের ইনকামিং মেসেজগুলো একটি ফিডেই সময় অনুযায়ী সাজানো থাকবে।
যদি কোনো অ্যাকাউন্ট আর ব্যবহারের প্রয়োজন না পড়ে, তবে খুব সহজেই প্রোফাইল সেটিংসের ‘Manage accounts on this device’ অপশনে গিয়ে সেটি রিমুভ (Remove) করে ফেলতে পারবেন। এতে আপনার ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে।