Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ভালোবাসা দিবস: হৃদয়ের ভাষায় লেখা একদিন

সানজিদা যুথী সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৪

একটি দিন— যেদিন পৃথিবী একটু বেশি নরম হয়ে আসে। মানুষ একটু বেশি আপন হয়ে ওঠে। যেদিন শব্দের আগেই হৃদয় পৌঁছে যায় হৃদয়ে। আজ ১৪ ফেব্রুয়ারি— বিশ্ব ভালোবাসা দিবস।

বাংলাদেশসহ সারাবিশ্বে বন্ধুত্ব, মমতা আর ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে এই বিশেষ দিন। ব্যস্ত জীবনের ভিড়ে যেখানে অনুভূতিগুলো অনেক সময় অব্যক্তই থেকে যায়, সেখানে এই দিনটি মানুষকে থামতে শেখায়—নিজের হৃদয়ের কথা শুনতে।

ভালোবাসার কোনো নির্দিষ্ট রঙ নেই, নেই কোনো নির্দিষ্ট রূপ। একে দেখা যায় না— শুধু অনুভব করতে হয় হৃদয় দিয়ে।

ভালোবাসতে কোনো নির্দিষ্ট দিন, মাস বা বছরের প্রয়োজন নেই— এ কথা আমরা সবাই জানি। তবুও কিছু দিন আসে প্রতীকের শক্তি নিয়ে। ভালোবাসার গভীরতা, তার সৌন্দর্য আর মানবিক শক্তিকে স্মরণ করিয়ে দিতেই জন্ম হয়েছে এই দিনটির।

বিজ্ঞাপন

ভালোবাসার রূপ বদলে যায় মানুষ আর জায়গা ভেদে। প্রাচ্য হোক বা পাশ্চাত্য— কবিতা, গান, চিঠি আর পংক্তিমালায় অব্যক্ত অনুভূতিগুলো খুঁজে নেয় নিজের ভাষা। শব্দ আর সুরে বেঁচে থাকে শাশ্বত প্রেম। কেউ প্রিয় মানুষের হাত ধরে আঁকে আগামীর স্বপ্ন, কেউ নীরবে পাশে বসে প্রতিজ্ঞা করে— একসাথে পথ চলার।

হয়তো আজই দুই বন্ধুর দীর্ঘদিনের অভিমান গলে যায়, হয়তো কেউ নতুন করে ভালোবাসতে শেখে জীবনকে, মানুষকে, এই পৃথিবীকে। মুঠোফোনের একটি ছোট্ট বার্তা, একটি ই-মেইল কিংবা ফেসবুকের চ্যাটে— আজ অনেকের জীবনে লেখা হয় নতুন ভালোবাসার ঠিকানা।

এই দিনে প্রিয়জনের হাতে হাতে ঘোরে চকোলেট, বই, ফুল কিংবা ছোট্ট কোনো উপহার। কিন্তু ভালোবাসার মূল্য মাপা যায় না দামে— তার আসল শক্তি আন্তরিকতায়।
ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, ২৬৯ কিংবা ২৭০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট ক্লডিয়াসের আদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেন্ট ভ্যালেন্টাইনকে। ইতিহাসবিদদের মতে, প্রেম ও বিবাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে দাঁড়িয়ে গোপনে বিয়ে পড়ানো, রোগীর সেবা করা কিংবা খ্রিষ্টধর্ম প্রচারের কারণেই জীবন দিতে হয় তাকে। মৃত্যুর মধ্য দিয়েই তিনি হয়ে ওঠেন ভালোবাসার প্রতীক। পরবর্তীতে ৪৯৬ খ্রিষ্টাব্দে পোপ জুলিয়াস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ভ্যালেন্টাইন ডে।

তখন থেকেই ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ভালোবাসা দিবসের আলো। ভালোবাসা মানে কেবল প্রেম নয়। ভালোবাসা মানে বিশ্বাস, ভালোবাসা মানে বন্ধন, ভালোবাসা মানে নিঃশর্ত পাশে থাকা। ভালোবাসা দিবসের শুভেচ্ছা শুধু প্রেমিক-প্রেমিকার জন্য নয়— এটি বাবা-মা, ভাইবোন, বন্ধু, সহকর্মী—সব সম্পর্কের জন্যই প্রযোজ্য।

এবছর ভালোবাসা দিবস আরও রঙিন হয়ে উঠেছে, কারণ আজ পহেলা ফাল্গুনও। বসন্ত এসেছে ফুলের সৌরভ, রঙিন শাড়ি, হাসি আর গানের সঙ্গে। ভালোবাসা আর বসন্ত—দুটো মিলেই আজ চারপাশ ভরে উঠেছে রঙিন স্বপ্ন আর মিষ্টি অনুভবে।

এই দিনে শুধু একটি কথাই মনে রাখা দরকার— ভালোবাসা যত বেশি ছড়াবে, পৃথিবী তত বেশি সুন্দর হবে।

জয় হোক ভালোবাসার।

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সানজিদা যুথী - আরো পড়ুন
সম্পর্কিত খবর