Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াদি আল জিন: রহস্য, বিশ্বাস ও বিজ্ঞানের মুখোমুখি এক বিস্ময়

সানজিদা যুথী সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৫:০৮ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৫:১৮

মরুভূমির নীরবতার মাঝেও পৃথিবীতে এমন কিছু স্থান আছে, যেখানে প্রকৃতি যেন মানুষের বোধের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। সৌদি আরবের মদিনা শহরের উপকণ্ঠে অবস্থিত ওয়াদি আল জিন তেমনই এক রহস্যঘেরা স্থান, যা যুগ যুগ ধরে কৌতূহল ও বিতর্কের জন্ম দিয়ে আসছে।

স্থানীয়দের কাছে এই উপত্যকাটি পরিচিত ‘ওয়াদি আল বাইদা’ নামে। তবে আরব বিশ্বের বাইরের মানুষের কাছে এটি বেশি পরিচিত ‘জিন পাহাড়’ হিসেবে। মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই পাহাড়ি উপত্যকায় যেতে হলে শহরের কোলাহল পেরিয়ে খেজুর বাগান অতিক্রম করে প্রবেশ করতে হয় নির্জন ও পাথুরে পথে।

চারপাশে ন্যাড়া পাহাড়, খাঁজকাটা ঢাল আর সূচের মতো উঠে থাকা শক্ত মাটি—এই পরিবেশই জায়গাটিকে আলাদা করে তোলে। তবে প্রকৃত বিস্ময় শুরু হয় এখানে এসে একটি গাড়ি থামালে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়ির গিয়ার নিউট্রালে রেখে হাত ছাড়লেই সেটি ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করে। কিছু সময় পর গতি আরও বাড়ে, অথচ চালককে কেবল স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখতে হয়।

বিজ্ঞাপন

এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে নানা বিশ্বাস। অনেকেই মনে করেন, এই এলাকায় জিনদের বসবাস রয়েছে এবং তাদের অদৃশ্য শক্তির কারণেই গাড়ি নিজে নিজে চলে। এ বিশ্বাস থেকেই জায়গাটির নামকরণ হয়েছে ‘ওয়াদি আল জিন’।

অন্যদিকে বিজ্ঞানীরা বিষয়টিকে দেখেন ভিন্ন দৃষ্টিতে। তাদের মতে, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং দৃষ্টিভ্রম ও ভূপ্রকৃতির ঢালের কারণে সৃষ্ট একটি অপটিক্যাল ইলিউশন। আশপাশের ভূমির গঠন এমনভাবে চোখকে বিভ্রান্ত করে যে উঁচু জায়গাকেও সমতল বা ঢালু মনে হয়।

এই রহস্য উন্মোচনে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। ভিডিও ধারণ, যন্ত্রপাতি ব্যবহার ও পরিমাপ চালানো হলেও এখনো এ বিষয়ে সর্বসম্মত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ওয়াদি আল জিন ঘিরে রয়েছে নানা আলোচনা। কেউ কেউ দাবি করেন, এখানে রাসূলুল্লাহ (সা.)-এর কাছে জিনেরা ইসলাম গ্রহণ করেছিলেন। তবে ঐতিহাসিক ও সহিহ সূত্র অনুযায়ী, জিনদের সঙ্গে রাসূলের সাক্ষাতের ঘটনাটি ঘটেছিল মক্কার নিকটবর্তী এলাকায়, তায়েফ থেকে ফেরার পথে। ওয়াদি আল জিন সম্পর্কে কোরআন বা হাদিসে সরাসরি কোনো বর্ণনা পাওয়া যায় না।

আজ রহস্যের আবরণ পেরিয়ে ওয়াদি আল জিন পরিণত হয়েছে সৌদি আরবের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। হজ ও ওমরাহ পালনকারীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ছুটে আসেন রহস্যের মুখোমুখি হতে।

তবে প্রশ্ন থেকেই যায়— এটি কি অদৃশ্য কোনো শক্তির প্রভাব, নাকি প্রকৃতির এমন এক রহস্য, যা এখনো মানুষের জ্ঞানের সীমার বাইরে? নিশ্চিত উত্তর না মিললেও, ওয়াদি আল জিন আজও দাঁড়িয়ে আছে বিস্ময় আর অনুসন্ধানের এক অনন্ত চিহ্ন হয়ে।

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সানজিদা যুথী - আরো পড়ুন
সম্পর্কিত খবর