Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদর যুদ্ধ: ৩১৩ জনের ঐতিহাসিক বিজয়

সানজিদা যুথী সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৮:৩১

মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত বদর প্রান্তর— ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় স্থানের নাম। আজ থেকে প্রায় চৌদ্দশ বছর আগে এখানেই সংঘটিত হয়েছিল বদর যুদ্ধ, যা মুসলিম উম্মাহর জন্য এক যুগান্তকারী অধ্যায় হয়ে আছে।

৬২৪ খ্রিষ্টাব্দের ১৭ রমজান, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মাত্র ৩১৩ জন সাহাবিকে সঙ্গে নিয়ে প্রায় এক হাজার সৈন্যসংবলিত কুরাইশ বাহিনীর মোকাবিলা করেন। সংখ্যায় ও সামরিক সরঞ্জামে পিছিয়ে থাকলেও মুসলিম বাহিনীর দৃঢ় বিশ্বাস, শৃঙ্খলা ও কৌশলই শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করে। পবিত্র কোরআনের সূরা আল-আনফালের ৪১ নম্বর আয়াতে এই দিনকে ‘ইয়াওমুল ফুরকান’ বা সত্য-মিথ্যার ফয়সালার দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বদর ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের সংযোগস্থল। ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত কাফেলা পথের কেন্দ্রবিন্দু হওয়ায় স্থানটির কৌশলগত গুরুত্ব ছিল ব্যাপক। ধারণা করা হয়, ‘বদর’ নামটি এসেছে এক প্রাচীন কূপকে ঘিরে; যার স্বচ্ছ পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখা যেত। আরবি ভাষায় পূর্ণিমার চাঁদকে ‘বদর’ বলা হয়।

যুদ্ধের পটভূমিতেও ছিল একাধিক কারণ। হিজরতের পর মক্কার কুরাইশ নেতারা মুসলমানদের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করছিল। এক পর্যায়ে বাণিজ্য কাফেলা আক্রমণের আশঙ্কা এবং পূর্ববর্তী সংঘাত পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। কাফেলা নিরাপদে পৌঁছালেও কুরাইশ নেতা আবু জাহল সংঘর্ষের পথেই অগ্রসর হন এবং বদরে অবস্থান নেন।

যুদ্ধের সূচনা হয় একক দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে। পরে পূর্ণাঙ্গ সংঘর্ষে মুসলিম বাহিনী কৌশলগতভাবে প্রতিপক্ষকে বিপর্যস্ত করে। কুরাইশদের ৭০ জন নিহত এবং সমসংখ্যক বন্দী হয়। বন্দীদের কেউ মুক্তিপণ দিয়ে, কেউ মদিনার শিশুদের শিক্ষাদানের শর্তে মুক্তি পান— যা সে সময়ের প্রেক্ষাপটে এক মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

বদর যুদ্ধ শুধু সামরিক বিজয় নয়; এটি মদিনাভিত্তিক মুসলিম সমাজের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানকে সুসংহত করে। কুরাইশদের মর্যাদা ও বাণিজ্যিক প্রভাব বড় ধরনের ধাক্কা খায়। একই সঙ্গে মুসলমানদের আত্মবিশ্বাস ও ঐক্য আরও দৃঢ় হয়।

ইতিহাসের বিচারে বদর ছিল এক মোড় ঘোরানো মুহূর্ত— যেখানে সংখ্যার তুলনায় বিশ্বাস ও নেতৃত্বের শক্তিই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় ফলাফল।

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সানজিদা যুথী - আরো পড়ুন
সম্পর্কিত খবর