Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ডিজিটাল পেমেন্টে অফারের ছড়াছড়ি: জমজমাট ঈদ শপিং

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ মার্চ ২০২৬ ১৫:৩৪ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৫:৪৩

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশজুড়ে কেনাকাটার ধুম পড়েছে। অফলাইন শপিং মল থেকে শুরু করে অনলাইন মার্কেটপ্লেস, সবখানেই এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে এবারের ঈদে কেনাকাটার ধরনে এসেছে বড় পরিবর্তন। নগদ টাকার বদলে স্মার্টফোন বা কার্ডের মাধ্যমে ‘ডিজিটাল পেমেন্ট’ এখন ক্রেতাদের প্রথম পছন্দ। ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর আকর্ষণীয় ক্যাশব্যাক, সরাসরি ডিসকাউন্ট এবং জিরো পারসেন্ট ইএমআই সুবিধা এই প্রবণতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ব্যাংক কার্ডে অফারের মহোৎসব

দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো তাদের কার্ড গ্রাহকদের জন্য ঈদ কেনাকাটা ও ডাইনিংয়ে অকল্পনীয় সব অফার নিয়ে এসেছে। ইসলামী ব্যাংক ২ হাজারের বেশি আউটলেটে ছাড়ের পাশাপাশি ইলেকট্রনিক্স ও আসবাবপত্র ক্রয়ে দিচ্ছে ‘ইজিবাই’ সুবিধা। ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা লাইফস্টাইল শপে ৩০% এবং গহনার দোকানে ৪৮% পর্যন্ত ছাড় পাচ্ছেন। এছাড়া ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের গ্রাহকরা নির্দিষ্ট ফাইভ স্টার হোটেলে ইফতার ও সেহরিতে ‘বাই ওয়ান গেট ফোর’ বুফে অফার উপভোগ করছেন। সিটি ব্যাংকের কার্ডধারীদের জন্য গ্রোসারি ও লাইফস্টাইল কেনাকাটায় রয়েছে ২৫% পর্যন্ত ক্যাশব্যাক।

বিজ্ঞাপন

পর্যটন ও লাইফস্টাইলে বিশেষ ছাড়

পিছিয়ে নেই ব্যাংক এশিয়া, এসবিএসি কিংবা ঢাকা ব্যাংকও। ব্যাংক এশিয়ার গ্রাহকরা নির্বাচিত মার্চেন্টে ২৫% ডিসকাউন্টসহ ফাইভ স্টার হোটেলে ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার পাচ্ছেন। ইলেকট্রনিক্স পণ্যে ১২ মাস পর্যন্ত বিনা সুদে কিস্তির সুবিধা দিচ্ছে এসবিএসি ব্যাংক। ঢাকা ব্যাংক তাদের গ্রাহকদের ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে, যা পর্যটন খাতে নতুন গতি এনেছে। ইস্টার্ন ব্যাংক এবং প্রাইম ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোতে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন।

সুপারশপ ও অনলাইন প্ল্যাটফর্মে এমএফএস রাজত্ব

ডিজিটাল পেমেন্টের বড় একটি অংশ দখল করে আছে এমএফএস ও সুপারশপগুলো। ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাস-পে ও রকেট অ্যাপ ব্যবহার করে আড়ং, অ্যাপেক্স কিংবা দারাজ থেকে কেনাকাটা করলে মিলছে ২০% ক্যাশব্যাক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) গ্রাহকদের জন্য স্বপ্ন, আগোরা ও মীনা বাজারে ১০% এবং ফ্যাশন ব্র্যান্ডগুলোতে ২০% ক্যাশব্যাক নিশ্চিত করেছে। এছাড়া দেশের বৃহত্তম এমএফএস সেবাদাতা বিকাশ তাদের ঈদ ক্যাম্পেইনে পোশাক, ইলেকট্রনিক্স ও টিকিট বুকিংয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্টের মেগা অফার দিচ্ছে।

স্মার্ট ইকোনমির পথে বাংলাদেশ

ডিজিটাল পেমেন্টের এই জোয়ারকে ইতিবাচক হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। এতে সময় ও অর্থ যেমন সাশ্রয় হচ্ছে, তেমনি দেশের অর্থনীতিতে ক্যাশলেস লেনদেনের প্রভাব শক্তিশালী হচ্ছে। এটি শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি স্মার্ট ও নগদবিহীন সমাজ গঠনের পথে স্থায়ীভাবে ধাবিত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর