জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য বিশেষ ধরনের ‘নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট’ (Parental Controlled Accounts) চালু করেছে। সম্প্রতি এক আনুষ্ঠানিক ঘোষণায় মেটা মালিকানাধীন প্রতিষ্ঠানটি এই নতুন ফিচারের কথা জানায়। এই অ্যাকাউন্টের মাধ্যমে শিশুরা নিরাপদ পরিবেশে বার্তা আদান-প্রদান এবং ভয়েস কল করতে পারবে, যেখানে থাকবে না কোনো বিজ্ঞাপনের বিড়ম্বনা।
সাধারণত ১৩ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা থাকলেও, অনেক শিশু পারিবারিক যোগাযোগের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। অভিভাবকদের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতেই এই বিশেষ সুরক্ষা কবজ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে মেটা।
অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া
প্রি-টিন বা ১৩ বছরের কম বয়সীদের জন্য এই অ্যাকাউন্ট চালু করতে হলে অভিভাবকের স্মার্টফোন এবং শিশুর ফোন-উভয়টিই প্রয়োজন হবে। একটি বিশেষ কিউআর (QR) কোড স্ক্যান করে অভিভাবক তার নিজের ডিভাইস থেকে শিশুর অ্যাকাউন্টটি যাচাই ও নিয়ন্ত্রণ করতে পারবেন।
নজরদারিতে থাকবে যা কিছু
এই অ্যাকাউন্টে শিশু কোনো নতুন নম্বর যুক্ত করলে, কাউকে ব্লক করলে কিংবা রিপোর্ট করলে তাৎক্ষণিক নোটিফিকেশন পাবেন অভিভাবক। এছাড়া অতিরিক্ত সুরক্ষার জন্য অভিভাবকরা নিচের বিষয়গুলোতেও নজর রাখতে পারবেন…
* শিশুর প্রোফাইল ছবি বা নাম পরিবর্তন।
* নতুন কোনো চ্যাট রিকোয়েস্ট বা গ্রুপে যোগ দেওয়া।
* গ্রুপ থেকে বের হয়ে যাওয়া কিংবা নতুন গ্রুপ তৈরি করা।
* কোনো চ্যাট হিস্ট্রি বা কন্টাক্ট নম্বর মুছে ফেলা।
* এই সব সেটিংস একটি ৬ অঙ্কের পিন (PIN) নম্বর দিয়ে সুরক্ষিত থাকবে, যা কেবল অভিভাবকের নিয়ন্ত্রণেই থাকবে।
যেসব সুবিধা থাকছে না
নিরাপত্তার স্বার্থে শিশুদের এই বিশেষ অ্যাকাউন্টে কিছু নিয়মিত ফিচার বন্ধ রাখা হয়েছে…
* মেটা এআই (Meta AI) ব্যবহার করা যাবে না।
* চ্যানেল ও স্ট্যাটাস দেওয়ার সুবিধা থাকবে না।
* ব্যক্তিগত চ্যাটে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ (Disappearing Messages) অপশন থাকবে না।
অপরিচিত নম্বর নিয়ে বাড়তি সুরক্ষা
অচেনা কোনো নম্বর থেকে বার্তা এলে শিশুদের জন্য বিশেষ সতর্কবার্তা দেখাবে হোয়াটসঅ্যাপ। ওই ব্যক্তির সঙ্গে কোনো কমন গ্রুপ আছে কি না বা নম্বরটি কোন দেশের—তা সহজেই জানা যাবে। এছাড়া অপরিচিত নম্বর থেকে আসা ছবিগুলো ডিফল্টভাবে ‘ব্লার’ বা ঝাপসা থাকবে এবং কলগুলো অটোমেটিক সাইলেন্ট বা নীরব হয়ে যাবে।
বর্তমানে বিশ্বে প্রায় ৩০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ডেনমার্ক, স্পেন ও যুক্তরাজ্যের মতো দেশগুলো যখন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আরোপ করছে, তখন হোয়াটসঅ্যাপের এই ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচারটি একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এর ফলে শিশুরা সাইবার বুলিং ও অপরিচিতদের হাত থেকে রক্ষা পাবে।