গুরুত্বপূর্ণ কাজের সময় ল্যাপটপ হ্যাং হওয়া বা ধীরগতিতে চলা কেবল বিরক্তিকরই নয়, এটি আপনার কাজের উৎপাদনশীলতাও কমিয়ে দেয়। অনেকেই মনে করেন, ল্যাপটপ স্লো হয়ে যাওয়া মানেই সেটি বাতিলের খাতায় চলে গেছে এবং নতুন ডিভাইস কেনার সময় হয়েছে। কিন্তু নতুন ল্যাপটপে বিনিয়োগ করার আগে মাত্র কয়েক মিনিটে কিছু সেটিংস পরিবর্তন করে আপনি আপনার পুরোনো ল্যাপটপেই পেতে পারেন নতুন গতি।
ল্যাপটপের পারফরম্যান্স বুস্ট করার ৫টি সহজ উপায় নিচে তুলে ধরা হলো …
অপ্রয়োজনীয় স্টার্টআপ অ্যাপ বন্ধ করুন
ল্যাপটপ অন করার সাথে সাথেই অনেক সময় অটোমেটিকভাবে বেশ কিছু সফটওয়্যার চালু হয়ে যায়। এগুলো ল্যাপটপ বুট হতে অতিরিক্ত সময় নেয় এবং প্রসেসরকে ব্যস্ত করে রাখে। আপনার কম্পিউটারের Task Manager-এ গিয়ে ‘Startup’ ট্যাব থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো ডিসেবল করে দিন। এতে আপনার ল্যাপটপ অনেক দ্রুত স্টার্ট হবে।
হার্ডড্রাইভ বা স্টোরেজ খালি করুন
আপনার ডিভাইসের ড্রাইভ যদি লাল হয়ে থাকে বা স্টোরেজ পূর্ণ থাকে, তবে ল্যাপটপ ধীরগতির হবেই। নিয়মিত Disk Cleanup ব্যবহার করে টেম্পোরারি ফাইল, ক্যাশ এবং রিসাইকেল বিনের আবর্জনা পরিষ্কার করুন। কমপক্ষে ২০ শতাংশ স্টোরেজ সবসময় খালি রাখার চেষ্টা করুন।
সফটওয়্যার ‘ব্লোটওয়্যার’ মুক্ত করুন
অনেক সময় ল্যাপটপে এমন অনেক অ্যাপ বা প্রোগ্রাম থাকে যা আমরা ভুলেও কোনোদিন ব্যবহার করি না। এসব ‘ব্লোটওয়্যার’ ব্যাকগ্রাউন্ডে রম এবং সিপিইউ খরচ করে। কন্ট্রোল প্যানেলে গিয়ে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো পুরোপুরি আনইনস্টল করে দিন।
অপারেটিং সিস্টেম ও ড্রাইভার আপডেট রাখা
পুরোনো অপারেটিং সিস্টেম বা ব্যাকডেটেড ড্রাইভার ল্যাপটপ স্লো হওয়ার অন্যতম কারণ। উইন্ডোজ বা ম্যাক,যেটিই ব্যবহার করুন না কেন, সব সময় লেটেস্ট আপডেট চেক করুন। আপডেটগুলো সিস্টেমের বাগ (Bug) ফিক্স করে এবং হার্ডওয়্যারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ব্রাউজারের ট্যাব ও এক্সটেনশনে রাশ টানুন
একইসঙ্গে ক্রোম বা ফায়ারফক্স ব্রাউজারে ২০-৩০টি ট্যাব খুলে রাখলে তা প্রচুর র্যাম দখল করে নেয়। কাজ শেষ হওয়া মাত্র অপ্রয়োজনীয় ট্যাবগুলো বন্ধ করে দিন। এছাড়াও অতিরিক্ত ব্রাউজার এক্সটেনশন ল্যাপটপের ব্রাউজিং অভিজ্ঞতাকে ধীর করে দেয়, তাই দরকারিগুলো ছাড়া বাকি সব মুছে ফেলুন।