Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পহেলা বৈশাখে ঘুরতে যেতে পারেন রাজধানীর যেসব স্থানে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৭:১৯

পহেলা বৈশাখের আনন্দ উৎসবে মেতেছে রাজধানী ঢাকা। ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে আজ সকাল থেকেই উৎসবপ্রিয় মানুষের ঢলে মুখর হয়ে উঠেছে তিলোত্তমা এই নগরী। আপনি যদি পরিবার বা বন্ধুদের নিয়ে আজকের এই বিশেষ দিনটি উদযাপন করতে চান, তবে রাজধানীর বেশ কিছু জনপ্রিয় স্থান হতে পারে আপনার গন্তব্য।

রমনা বটমূল ও রমনা পার্ক:

পহেলা বৈশাখের সকালের প্রধান আকর্ষণ হলো রমনা বটমূল। ছায়ানটের শিল্পীদের বৈশাখী সংগীতের মাধ্যমে এখানে বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানানো হয়। হাজারো মানুষের পদচারণায় মুখর এই রমনা পার্কে পান্তা-ইলিশের স্বাদ নেওয়ার পাশাপাশি বৈশাখী আড্ডায় মেতে ওঠার জন্য এটি সেরা জায়গা। এছাড়া, পরিবার ও বন্ধুদের নিয়ে বিকেল ৬টা পর্যন্ত উপভোগ করতে পারেন রমনার সৌন্দর্য্য।

বিজ্ঞাপন

বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা:

বাংলা একাডেমি প্রাঙ্গণে সপ্তাহব্যাপী (১৪ থেকে ২০ এপ্রিল) ‘বৈশাখী মেলা ১৪৩৩’ আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সহযোগিতায় এই মেলায় থাকছে দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের বিশাল সমাহার। নকশিকাঁথা, মাটির পণ্য, বাঁশ-বেতের কাজ, গৃহসজ্জার সামগ্রী-সবকিছুই পাওয়া যাবে এক জায়গায়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলাটি।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র:

এসএমই ফাউন্ডেশন আয়োজিত এই মেলা বসেছে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। ১২ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলা এই মেলায় রয়েছে ৩০০টিরও বেশি স্টল। দেশীয় উদ্যোক্তাদের পণ্য, বৈচিত্র্যময় খাবার এবং প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাটিকে করেছে আরও প্রাণবন্ত। পাশাপাশি নাগরদোলা, বায়োস্কোপ, টিয়া পাখির খেলা ও বানর খেলার মতো বিনোদনও রয়েছে। প্রবেশমূল্য লাগবে ৩০ টাকা।

বনানীর কামাল আতাতুর্ক পার্ক:

বনানীর কামাল আতাতুর্ক পার্ক-এ ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে ‘লাল বৈশাখী’। আয়োজনে থাকছে নাগরদোলা, বায়োস্কোপ, ফটোবুথ, বালিশ খেলা ও মিউজিক্যাল চেয়ারের মতো মজার আয়োজন। কনসার্টে পারফর্ম করবেন হাবিব ওয়াহিদ ও রেনেসাঁ, লেভেল ফাইভ, নেমেসিস ব্যান্ড। এছাড়া থাকছে স্ট্যান্ডআপ কমেডিও। প্রতিদিন ৩০০ টাকা টিকিটে প্রবেশ করা যাবে।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল:

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার উইন্টার গার্ডেন ও রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে ১৪ এপ্রিল আয়োজন করা হয়েছে বিশেষ বৈশাখী মেলা। এখানে থাকছে নাচ, গান, নাগরদোলা এবং বৈশাখী খাবারের সমাহার। কিছুটা প্রিমিয়াম এই আয়োজনে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা।

এয়ার ফোর্স বেইজক্যাম্প:

বাংলাদেশ এয়ার ফোর্স-এর উদ্যোগে ১৪ এপ্রিল দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে থাকছে বায়োস্কোপ, মেহেদি উৎসব, ফেস পেইন্টিং, ক্যারিকেচার, বাউল গান ও পটারি হুইল। পাশাপাশি লাটিম, মার্বেল, দাঁড়িয়াবান্ধা, রণপা, লুডু ও ক্যারামের মতো ঐতিহ্যবাহী খেলাধুলাও থাকবে। খাবারের তালিকায় থাকবে নানা বাঙালি পদ।

ভাটারায় শেফস টেবিল কোর্টসাইড:

ভাটারার শেফস টেবিল কোর্টসাইড-এ ১৪ এপ্রিল আয়োজন করা হচ্ছে ‘উৎসবে বৈশাখ’। আলপনা, পাপেট শো, বাউল গান, নাগরদোলা ও বিভিন্ন খেলাধুলার পাশাপাশি বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট। সাধারণ প্রবেশ টিকিট ২০০ টাকা, আর কনসার্ট উপভোগ করতে খরচ হবে ৮০০ টাকা।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী মেলা:

ঐতিহ্যবাহী বৈশাখী আমেজ পেতে চাইলে পুরান ঢাকা হতে পারে আপনার গন্তব্য। আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লা পরিদর্শনের পাশাপাশি ওখানকার স্থানীয় খাবারের দোকানগুলোতে বৈশাখী ভূরিভোজ করা যেতে পারে। এছাড়া পুরান ঢাকার ‘হালখাতা’ উৎসবের রঙ দেখা এক ভিন্ন অভিজ্ঞতা।