Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এক কাপ চা— আর জীবনের নানা কথা

ফারহানা নীলা
২১ মে ২০২৬ ১৮:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকালের আলো একটু নরম হলেই শহরের মোড়ে মোড়ে যেন অন্যরকম এক ব্যস্ততা শুরু হয়। কেতলির ভেতর ফুটতে থাকা পানি, আর ধোঁয়া ওঠা কাপে চায়ের গন্ধ; সব মিলিয়ে তৈরি হয় এক পরিচিত উষ্ণতা। যা মনে করিয়ে দেয়, চা শুধু একটি পানীয় নয়; জীবনের ছোট ছোট গল্পের নীরব সাক্ষী।

‘চলো, এক কাপ চা খাই’- এই কথাটি যেনো- আসলে অনেক সময় আমন্ত্রণের থেকেও বেশি কিছু। যার ভেতরে থাকে আড্ডা, অভিমান ভাঙানো, বন্ধুত্ব, প্রেম কিংবা দিনের ক্লান্তি ঝেড়ে ফেলার এক সহজ উপায়। সকালে খবরের কাগজের সঙ্গে, দুপুরে অফিসের ফাঁকে, কিংবা গভীর রাতে পড়ার টেবিলে,চা যেন সব সময়ের সঙ্গী।

টঙ দোকানের চায়ের আলাদা এক চরিত্র আছে। ছোট্ট বেঞ্চে গা ঘেঁষে বসে থাকা মানুষগুলো সেখানে শুধু চা পান করে না, ভাগাভাগি করে নেয় জীবনের গল্পও। কেউ রাজনীতি নিয়ে তর্ক করে, কেউ চাকরির হতাশা ভুলতে হাসে। কেউ আবার চায়ের চুমুকের সাথে ভালোবাসার কথাটা সেরে নেয়। এক কাপ চা কখন যে অচেনা মানুষকেও পরিচিত করে তোলে, তা বোঝা যায় না।

বিজ্ঞাপন

এতো গেলো শহরের চিত্র। গ্রামের চায়ের স্বাদ আবার অন্যরকম। মাটির কাপের গন্ধে মিশে থাকে শৈশব আর বিকেলের অলসতা। উঠোনে বসে দাদুর হাতে বানানো দুধ-চা, কিংবা বৃষ্টির দিনে মায়ের আদা দেওয়া গরম চা।এসব স্মৃতি সময়ের সঙ্গে পুরোনো হয় না।

চায়েরও আছে নানা রূপ। কেউ পছন্দ করে কড়া লাল চা, কেউ দুধ-চিনি মেশানো মিষ্টি চা। কেউ আবার লেবু চায়ে খুঁজে পায় স্বস্তি। কিন্তু স্বাদ আলাদা হলেও চায়ের মূল কাজ একটাই. মানুষকে একটু ভাবতে শেখানো। সম্পর্কের মধ্যে বন্ধন জোড়ালো করা।

ব্যস্ত এই সময়ে মানুষ যখন প্রতিনিয়ত ছুটে চলেছে, তখন এক কাপ চা যেন ছোট্ট একটি বিরতি। সেই বিরতিতে থাকে স্বস্তি, গল্প আর খানিকটা নিজের কাছে ফিরে আসা। তাই হয়তো, সেই ‘চা’-কে আজ একটু বেশি ভালোবাসার দিন। কারন বিশ্ব জুড়ে আজ পালন হচ্ছে ‘চা’ দিবস। যেই চায়ের কাপ হাতে নিলেই মনে হয় জীবন এখনও খুব বেশি কঠিন হয়ে যায়নি।

দিন শেষে সব ক্লান্তি ভুলে, পৃথিবীর সমস্ত কোলাহল থেকে দূরে গিয়ে যদি শুধু একটা বিকেল আর এক কাপ চা পাওয়া যায়, তবে জীবনটাকে বড্ড সুন্দর মনে হয়। চায়ের কাপের সেই উষ্ণতা সরাসরি গিয়ে ছুঁয়ে যায় হৃদয়ের কোণকে। তাই তো প্রেমিক মন বারবার গেয়ে ওঠে ‘আরেক কাপ চা আসুক, আমাদের গল্পটা আরেকটু দীর্ঘ হোক।’

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

সিলেটে বাসচাপায় মা-মেয়ে নিহত
১০ অক্টোবর ২০২৬ ২৩:৪২

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন