গন্তব্যে রওনা দেয়ার মুহূর্তে বাইকে কিক বা সেল্ফ চাপতেই দেখলেন কোনো সাড়াশব্দ নেই, মিটারের আলো টিমটিম করে নিভে গেল, যেকোনো রাইডারের জন্যই এটি এক ভীষণ বিরক্তিকর পরিস্থিতি। এমন হলে সাধারণত আমরা ব্যাটারিকেই দোষ দিই এবং দ্রুত তা পাল্টে ফেলি। তবে সত্যিটা হলো, বাইকের ইলেকট্রিক্যাল সিস্টেমে কোনো সমস্যা থাকলে একেবারেই নতুন ব্যাটারিও কিছুদিন পর আবার অকেজো হয়ে পড়তে পারে।
ঘন ঘন বাইকের ব্যাটারি ডাউন হওয়ার নেপথ্যে যে লুকানো কারণগুলো দায়ী…
ইঞ্জিন বন্ধ কিন্তু ইগনিশন অন রাখার অভ্যাস
বাইকের ব্যাটারি ড্রেন হওয়ার সবচেয়ে সাধারণ ও অবহেলিত কারণ এটি। অনাকাঙ্ক্ষিতভাবে ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় বাইকের চাবি বা ইগনিশন সুইচ ‘অন’ রাখা হলে হেডলাইট, মিটার কনসোল ও আনুষঙ্গিক পার্টস সরাসরি ব্যাটারি থেকে চার্জ টানতে থাকে। নিয়মিত এই ভুলটি করলে ব্যাটারির স্থায়ী লাইফসাইকেল বা আয়ু অনেক কমে যায়।
হিডেন ‘প্যারাসাইটিক ড্রেন’
অনেক সময় চাবি বন্ধ করার পরও সার্কিটে হালকা বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে, যাকে টেকনিক্যাল ভাষায় ‘প্যারাসাইটিক ড্রেন’ (Parasitic Drain) বলা হয়। নিম্নমানের কোনো আফটারমার্কেট অন-অফ সুইচ, ছেঁড়া বা ফাটল ধরা ওয়্যারিং কিংবা বৈদ্যুতিক লিকেজ থাকলে বাইক গ্যারেজে পার্ক করা থাকলেও গোপনে চার্জ শেষ হতে থাকে। কয়েকদিন ব্যবহার না করলেই যদি বাইকের ব্যাটারি সম্পূর্ণ ডাউন হয়ে যায়, তবে এর প্রধান অপরাধী এই প্যারাসাইটিক ড্রেন।
নষ্ট ফিউজ ও সার্কিট জটিলতা
বাইকের ইলেকট্রিক্যাল ওয়্যারিং ও ব্যাটারিকে সুরক্ষিত রাখাই ফিউজের মূল কাজ। তবে ভেতরের ফিউজ কাটিং বা নষ্ট থাকলে তা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহে চরম বিঘ্ন ঘটায়। এর ফলে ব্যাটারির ওপর অনিয়মিত লোড বা অতিরিক্ত চাপ তৈরি হয়, যা ব্যাটারির সেলগুলোকে ভেতর থেকে অকেজো করে দেয়।
বিকল রেগুলেটর-রেকটিফায়ার (R/R Unit)
বাইকের অল্টারনেটর থেকে আসা অতিরিক্ত বিদ্যুৎকে সঠিক মাত্রায় রূপান্তর করে ব্যাটারিতে পাঠায় রেগুলেটর-রেকটিফায়ার। এই পার্টসটি নষ্ট হলে ব্যাটারি দু’ভাবে ক্ষতিগ্রস্ত হয়-’ওভারচার্জিং’ কিংবা ‘আন্ডারচার্জিং’। অতিরিক্ত চার্জ হলে ব্যাটারি ফুলে যায় ও এসিড শুকিয়ে নষ্ট হয়, আর কম চার্জ হলে পাওয়ার ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে। রাতে হেডলাইটের আলো ম্লান হয়ে আসা, ইন্ডিকেটর কাঁপাকাঁপি করা বা ঘন ঘন ফিউজ কাটাই হলো R/R পার্টস নষ্টের অন্যতম লক্ষণ।
দুর্বল বা অকেজো স্টেটর (Stator)
বাইকের ইঞ্জিন চালু থাকা অবস্থায় সার্কিটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করা এবং ব্যাটারিকে রিচার্জ করার মূল কাজ স্টেটর কয়েলের। স্টেটর ড্যামেজ বা দুর্বল হয়ে পড়লে বাইক চলার সময়ও ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ জমা হতে পারে না। ফলে যত নতুন বা প্রিমিয়াম ব্যাটারিই ব্যবহার করুন না কেন, ক্রমাগত চার্জ শূন্য হতে হতে একপর্যায়ে ব্যাটারি পুরোপুরি ডেড হয়ে যায়।
প্রতিকার ও বাইকারের দায়িত্ব
অনাকাঙ্ক্ষিতভাবে ব্যাটারি ডেড হওয়া এড়াতে বারবার ব্যাটারি না বদলে অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে বাইকের সার্কিট, ওয়্যারিং এবং রিচার্জিং সিস্টেম পরীক্ষা করান। সেই সাথে অতিরিক্ত বা অননুমোদিত মেকানিকেল পার্টস ও ফ্যান্সি লাইট সংযোগ দেয়া থেকে বিরত থাকুন,তাহলেই আপনার বাইকের ব্যাটারি নিশ্চিতভাবেই বছরের পর বছর দীর্ঘস্থায়ী হবে।