ইতিহাসে যে সকল মনীষী তাদের কর্মতৎপরতা আর সাধনার জন্য পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন তাদের মধ্যে হাজী শরীয়াতুল্লাহ অন্যতম। তিনি শুধু একজন ধর্মীয় সংস্কারকই নন, তিনি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠারও দিশারী। তিনি ছিলেন একাধারে ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী এবং ফরায়েজি আন্দোলনের নেতা।
হাজী শরীয়তুল্লাহ অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে যুদ্ধ করে ব্রিটিশদের তাড়ানোতে ভূমিকা রেখেছিলেন। বৃহত্তর ভারতীয় উপমহাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে হাজী শরীয়তুল্লাহ ছিলেন এক অন্যতম মহানায়ক।
ডক্টর মুঈন উদ্দিন আহমদ খান হিস্টরি অব ফারায়েজী মুভমেন্ট ইন বেঙ্গল বইয়ে লিখেছেন, ‘ফারায়েজী আন্দোলন একদিকে ছিল ধর্মীয় কুসংস্কার ও প্রচলিত উৎপীড়নমূলক ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলন। অপরদিকে জমিদার-মহাজন ও উৎপীড়ক নীলকরদের অমানুষিক হাত হতে দরিদ্র হিন্দু-মুসলমান প্রজাদের রক্ষা করার আন্দোলন’।
সুপ্রকাশ রায় লিখেছেন, ‘কৃষকদের মধ্যে শরিয়তুল্লার ব্যাপক প্রভাব এবং তাহার নেতৃত্বে মুসলমান কৃষকদের অভূতপূর্ব সঙ্ঘবদ্ধতা ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করিয়া জমিদারগণ ভীত সন্ত্রস্ত হয়ে উঠেন। অন্যদিকে শরিয়তুল্লাকে প্রচলিত মুসলমান ধর্মের মৌলিক সংস্কার সাধন ও তাহাদ্বারা মুসলমান জনসাধারণকে আকৃষ্ট করিতে দেখিয়া প্রচলিত মুসলমান ধর্মের গোঁড়া সমর্থক ধনী মুসলমানগণও শরিয়তুল্লার উপর ক্রুদ্ধ হইয়া উঠেন’। (ভারতের কৃষক বিদ্রোহ ও গনতান্ত্রিক সংগ্রাম-সুপ্রকাশ রায়, পৃষ্ঠা২৪১)
তিনি আরও লিখেছেন, ‘ফরাজী আন্দোলন প্রথমে মুসলমান ধর্মের সংস্কার আন্দোলন রুপে আরম্ভ হইলেও ইহা কেবল মুসলমান জনসাধারণকেই সঙ্ঘবদ্ধ ও সংগ্রামে উদ্বুদ্ধ করে নাই, এই আন্দোলনের অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য স্হানীয় হিন্দু কৃষকদের একটি বৃহৎ অংশকেও সংগ্রামে টানিয়া আনিতে পারিয়াছিল এবং সংগ্রামের ক্ষেত্রে হিন্দু-মুসলমানের আংশিক ঐক্য প্রতিষ্ঠিত করিয়াছিল । (পৃষ্ঠা২৪৭)
হাজী শরীয়াতুল্লাহ ১৭৮১ সালে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার অন্তর্গত শামাইল নামক গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুল জলিল তালুকদার। তিনি ছিলেন একজন ভদ্র, দয়ালু ও একজন প্রজাবৎসল জমিদার। কিন্তু আল্লাহর ইচ্ছায় মাত্র ৮ বছর বয়সে পিতা আবদুল জলিল ইহলোক ত্যাগ করে পরজগতে চলে যান। শরীয়তুল্লাহ’র মা (নাম জানা যায়নি) তার বাবার আগে মারা যান। শরীয়াতুল্লাহ তখন তার চাচা মুহাম্মদ আজিম ও তার স্ত্রীর আশ্রয়ে বড় হতে থাকেন। শরীয়তুল্লাহর পড়াশুনার হাতেখড়ি তার পরিবারে। বিশেষ করে বাবার কাছে। তারপর গ্রামের মক্তবে। ১৭৯৩ সালে ১২ বছর বয়সে চাচার সাথে রাগ করে তিনি কলকাতা চলে যান। কলকাতায় যান মাওলানা বশারত আলীর নিকট কুরআন শরীফ শিক্ষা লাভ করেন। এরপর তিনি ফুরফুরাতে আরবী ও ফার্সি ভাষায় অগাধ পান্ডিত্য অর্জন করেন।
১৭৯৯ সালে তারই প্রিয় ওস্তাদ মাওলানা বশারত আলীর সাথে পবিত্র হজ্জব্রত পালন করতে মক্কা শরীফ গমন করেন। সেখানে গিয়ে মুরাদ নামক এক বাঙালি শিক্ষকের নিকট ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। এরপর তাহের সম্বল নামক এক হানাফী শাস্ত্রবিদের অধীনে শিক্ষালাভ করতে থাকেন এবং তারই নিকট কাদেরিয়া তরীকার সুফী মতবাদের দীক্ষা গ্রহণ করেন। দুই বছর কায়রোর জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। আরব দেশে অবস্থানকালে শরীয়াতুল্লাহ মুহম্মদ ইবনে আবদুল ওহাবের নিকট সাক্ষাৎ করে সংস্কার আন্দোলনের সাথে যুক্ত হন এবং এর আদর্শের দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হন।
১৮১৮ সালে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে এসে তিনি মুসলমান সমাজের মধ্যে নানাবিধ কুসংস্কার ও অনৈসলামিক রীতিনীতি লক্ষ্য করলেন। চারদিকে শিরক আর বিদআতের সয়লাভ। মুসলমানরা দলে দলে তাদের ঈমানকে বিকিয়ে দিচ্ছে। আর সে সময় মুসলমানরা তাদের অধিকার সম্পর্কে মোটেও সচেতন ছিল না। উদাসীন একটা ভাব তাদেরকে সার্বক্ষণিক তাড়া করে ফিরতো। জমিদার নীরকরদের অত্যাচারে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছিল। তা দেখে শরীয়াতুল্লাহ মর্মাহত হলেন এবং দুঃখ অনুভব করলেন। তার হৃদয়-মন মুসলমানদের এহেন অনৈসলামিক ও নির্যাতিত ও অধিকার বঞ্চিত জীবন থেকে উদ্ধার করার জন্য ব্যাকুল হয়ে উঠলো এবং মুসলমানদের উন্নতির জন্য নিজেকে উৎসর্গ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করলেন। পবিত্র কুরআন ও হাদীসের আলোকে মুসলমানদের ধর্মীয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং তাদেরকে আত্মপ্রতিষ্ঠার বাণী শিক্ষা দেয়াই ছিল এই সংস্কার আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য।
১৮২০ সালে দ্বিতীয়বার মক্কা শরীফ গমন করেন এবং কিছুদিন সেখানে অবস্থান নেন। দেশে ফিরে এসে সমাজ সংস্কার কাজে নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন। অল্প সময়ের মধ্যে তার প্রতিষ্ঠিত ফরায়েজী আন্দোলন ফরিদপুর, ঢাকা, রাখরগঞ্জ, ময়মনসিংহ ও ত্রিপুরা জেলায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রসারতা জনপ্রিয় ও জনসমর্থন লাভ করতে সক্ষম হয়। প্রথমে তিনি ইসলাম ধর্মের অনুশাসনের মাধ্যমে মানুষকে সংগঠিত করতেন। একপর্যায়ে তা ব্রিটিশবিরোধী আন্দোলনে রূপ নেয়। শরীয়তুল্লাহ মুসলমানদের মধ্যে বিরাজমান নানা কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সচেষ্ট ছিলেন মুসলমানদের মধ্যে অন্তঃকোন্দলের বিরুদ্ধেও। ব্রিটিশদের দ্বারা নির্যাতিত নানা শ্রেণির মানুষ যোগ দেয় এ আন্দোলনে। বিশেষ করে কৃষক, তাতি ও শ্রমিক শ্রেণির মানুষ। তিনি তােদের দুর্দিনে উপদেশ ও দুঃখে সান্ত্বনা দিতেন।তিনি একটি শক্তিশালী মুসলিম বাহিনী গঠন করতে চেয়েছিলেন। যাতে মুসলমানরা তাদের শত্রুদের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। তাই তিনি একটি সুদক্ষ লাঠিয়াল বাহিনী গঠনের মনস্থির করলেন। সেই কাজের জন্য তিনি জালাল উদ্দিন মোল্লাকে নিয়োগ করেন। ১৮৩৯ সালে হাজী শরীয়াতুল্লাহর উপর পুলিশী নিষেধাজ্ঞা জারি করা হয়।
ফরায়েজী আন্দোলন শুধু ধর্মীয় সংস্কার আন্দোলনই ছিলো না, এটা ছিল ক্ষুধা ও দারিদ্র্যক্লিষ্ট মানুষের বাঁচার লড়াই। শোষকের বিরুদ্ধে শোষিতের,জালিমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম। এই সংগ্রাম ছিল একই সাথে সাম্রাজ্যবাদী ব্রিটিশ ও তার দেশীয় এজেন্ট বর্ণহিন্দু জমিদার ও নীলকরদের বিরুদ্ধে। আর এই সংগ্রাম ছিল ইসলামী ভাবাদর্শ দ্বারা উজ্জীবিত।
১৮৪০ সালের ২৮ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তাকে স্মরণীয় করে রাখার জন্য ১৯৭৭ সালের ৩ নভেম্বর শরীয়তুল্লাহর নামানুসারে বাংলাদেশের শরিয়তপুর নামকরণ করা হয় এবং ১৯৮৪ সালে শরীয়তপুর জেলায় উন্নীত হয়। এছাড়া তার নামে মাদারিপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের উপরে নির্মিত সেতুটির নাম করণ করা হয়েছে হাজী শরীয়তউল্লাহ সেতু।