Wednesday 25 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎বাইক চালকদের জন্য উবার নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১৪:১৩

ছবি: সংগৃহীত।

‎‎ঢাকা: ‎বাংলাদেশে বাইক চালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ নামে নতুন একটি ফিচার চালু করেছে রাইডশেয়ারিং প্ল্যাটফর্‌ম উবার। এর মাধ্যমে চালকরা তাদের সুবিধা অনুযায়ী সাবস্ক্রিপশন বেছে নিয়ে উবার প্ল্যাটফর্মে ট্রিপ গ্রহণ করতে পারবেন। নতুন এই মডেলে ফুল-টাইম এবং পার্ট-টাইম উভয় ধরনের চালকদের জন্যই উবারে কাজ করা আরও সহজ ও লাভজনক হবে।

বৃহষ্পতিবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২৩ সালে ঢাকায় প্রথম সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করে উবার। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই এখন এই হাইব্রিড মডেল আনা হয়েছে। এর মূল লক্ষ্য হলো যাত্রী ও চালক উভয়ের অভিজ্ঞতার মানোন্নয়ন এবং উবার অ্যাপের মাধ্যমে রাইড নিতে চালকদের আরও উৎসাহিত করা।

‎ঢাকার মোটরবাইক সার্ভিসে বড় একটি সমস্যা হলো অ্যাপের বাইরে বা সরাসরি রাস্তা থেকে যাত্রী তোলা। এতে চালক বা যাত্রী কেউ-ই জিপিএস ট্র্যাকিং, বিমা সুবিধা বা অ্যাপের নিরাপত্তা ফিচারগুলো পান না। উবার মনে করে, এই হাইব্রিড সাবস্ক্রিপশন চালকদের আরও নমনীয়তা দেবে, যা অফলাইনে ট্রিপ নেওয়ার প্রবণতা কমিয়ে আনবে এবং যাত্রীদের জন্য সেবার মান আরও উন্নত করবে।

‎নতুন এই সাবস্ক্রিপশন মডেলে চালকরা শূন্য শতাংশ কমিশন সুবিধায় ট্রিপ দেওয়ার সুযোগ পাবেন। ফলে চালক তার উপার্জনের পুরো অংশই নিজের কাছে রাখতে পারবেন। যারা পার্ট-টাইম বাইক চালান, তাদের জন্য এই ব্যবস্থা বাড়তি আয়ের বড় সুযোগ তৈরি করবে বলে মনে করে উবার।

‎উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, ‘আমরা সবসময় চালকদের অভিজ্ঞতা সহজ করার চেষ্টা করি। এই হাইব্রিড সাবস্ক্রিপশন চালকদের নিজেদের পছন্দমতো কাজ করার স্বাধীনতা দেবে। এর ফলে যেমন তাদের আয় বাড়বে, তেমনি অ্যাপের মাধ্যমে ট্রিপের সংখ্যা বাড়লে যাত্রীদের নিরাপত্তা আরও বেশি করে নিশ্চিত হবে।’

‎বর্তমানে ঢাকার রাস্তায় প্রতিদিন হাজার হাজার উবার বাইকচালক সেবা দিচ্ছেন। নতুন সব উদ্ভাবনের মাধ্যমে উবার চালক ও যাত্রী উভয় পক্ষের জন্য অ্যাপের ব্যবহার আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করতে কাজ করে যাচ্ছে।


বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর