Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দরিদ্র হৃদরোগী মিলনের চিকিৎসায় ৫৩ হাজার টাকা সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:০২ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৯

ঢাকা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দরিদ্র হৃদরোগী মো. মিলনের চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকাস্থ সাতক্ষীরা সদর-দেবহাটা উপজেলা উন্নয়ন ফোরাম ও তার কয়েকজন সহপাঠী। রোববার (২৭ সেপ্টেম্বর) ফোরামের পক্ষ থেকে এস এম আসাদুজ্জামান (মুকুল)-এর নেতৃত্বে মিলনের চিকিৎসার জন্য মোট ৫৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রায় ৪০ বছর বয়সী মো. মিলন গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয়। প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

পরিবার ও সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মিলনের হৃদযন্ত্রের একটি ভাল্বে গুরুতর সমস্যা রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে ভাল্ব প্রতিস্থাপন এবং হৃদযন্ত্রে একটি রিং/ডিভাইস স্থাপনের প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। রোগ নির্ণয়ের জন্য ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন।

বর্তমানে হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকরা আরও কিছু পরীক্ষা দিয়েছেন। এসব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনার পর তাঁর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা, অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সময় সম্পর্কে চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

সংশ্লিষ্টদের মতে, মিলনের চিকিৎসায় আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় হতে পারে। কিন্তু তাঁর পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় এই ব্যয় বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

ইতোমধ্যে ঢাকাস্থ সাতক্ষীরা সদর-দেবহাটা উপজেলা উন্নয়ন ফোরাম এবং মিলনের কয়েকজন সহপাঠী চিকিৎসার জন্য ৫৩ হাজার টাকা সহায়তা করেছেন। তবে সম্ভাব্য অস্ত্রোপচারসহ পুরো চিকিৎসা সম্পন্ন করতে আরও বড় অঙ্কের অর্থ প্রয়োজন।

এ অবস্থায় মিলনের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের আশা, সম্মিলিত সহযোগিতায় মিলনের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত সম্পন্ন হবে এবং তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর