ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আধুনিক লিভার ক্যানসার ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। লিভার ক্যানসার ক্লিনিকে ছয়টিরও বেশি বিভাগের সমন্বয়ে লিভার ক্যানসারের আধুনিক ও সমন্বিত চিকিৎসাসেবা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী লিভার ক্যানসার ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
হেপাটোলজি বিভাগের উদ্যোগে ও বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
এছাড়া লিভার ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাব্যবস্থার প্রসার এবং রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিএমইউর হেপাটোলজি বিভাগের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে লিভার ক্যানসার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষ্যে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, ‘লিভার ক্যানসার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগের কার্যকর প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীদের চিকিৎসার ফলাফল উন্নত করা সম্ভব।’ তিনি লিভার ক্যানসারের চিকিৎসায় আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান, গবেষণা এবং বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাশিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হেপাটোলজি বিভাগে লিভার ক্যান্সার ক্লিনিকের কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ, যা রোগীদের সংগঠিত ও সমন্বিত চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশে লিভার ক্যান্সারের চিকিৎসার মানোন্নয়ন এবং গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরুদ্দীন আহমদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. কে. এম. নাজমুল হাসান।
সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক, এনাম মেডিক্যাল কলেজের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান নূর।
উল্লেখ্য, হেপাটোলজি বিভাগের উদ্যোগে গত আগস্ট ২০২৬ থেকে লিভার ক্যানসার ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়ে আসছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এ ক্লিনিকের মাধ্যমে লিভার ক্যানসারে আক্রান্ত রোগীদের মূল্যায়ন, রোগের পর্যায় নির্ধারণ, চিকিৎসাপদ্ধতি নির্বাচন, চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসাসেবা প্রদানের সুযোগ আরও সুসংগঠিত হবে।