Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রাচ্যে যুদ্ধ
ঈদের ছুটিতেও প্রবাসীদের জন্য চালু থাকছে হটলাইন ১৬১৩৫

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৩:০৪

ঢাকা: ঈদের ছুটির মধ্যেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে জানানো হয়, ১০ মার্চ থেকে স্থাপিত এই নিয়ন্ত্রণ কক্ষ আগামী ২৪ মার্চ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা, সপ্তাহের সাতদিন কার্যক্রম চালাবে। সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, নিয়ন্ত্রণ কক্ষটি রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের লিফ্‌ট-৭ এ স্থাপন করা হয়েছে। এখানে তিন শিফটে মোট ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পালাক্রমে দায়িত্ব পালন করবেন, যাতে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা যায়।

বিজ্ঞাপন

প্রবাসীদের জন্য নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের জন্য টোল-ফ্রি হটলাইন চালু রয়েছে। দেশের ভেতর থেকে ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।

নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এছাড়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সমন্বয় করবেন। পাশাপাশি নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে নিয়মিতভাবে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেবেন।

উল্লেখ্য, মূলত মধ্যপ্রাচ্যে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে প্রবাসীদের পাশে দাঁড়াতে এবং তাদের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ নিরসনে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

ঈদের আগে সোনার দামে বড় পতন
১৯ মার্চ ২০২৬ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর