ঢাকা: প্রবাসী বাংলাদেশি নারীদের সুস্থতা, আত্মিক উন্নয়ন এবং পারস্পরিক সংযোগ জোরদারে এক অনন্য উদ্যোগ নিয়েছে সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক (এসবিডবলিয়েন)।
শনিবার (২৮ মার্চ) পারামাট্টার কমিউনিটি মাইগ্রেন্ট রিসোর্স সেন্টারের (সিএমআরসি) আয়োজনে তাদের প্রথম যৌথ “ওয়েলবিয়িং” ইভেন্ট, যা ছিল আনন্দ, সচেতনতা ও সম্প্রীতির এক সুন্দর মিলনমেলা।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এরপর সিএমআরসি’র হেড অব কমিউনিটি এনগেজমেন্ট সার্ভিসেস অরেলিয়া রহমান উদ্বোধনী বক্তব্যে দেন।
দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন। নিউ সাউথ ওয়েলসের স্বীকৃত স্বাস্থ্য পেশাজীবী কানিতা আহমেদ পরিচালিত “মাইন্ডফুলনেস ও ব্রিদিং” সেশনে অংশগ্রহণকারীরা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জনের কৌশল শিখেন।
এ ছাড়া কমিউনিটির স্পেশালিস্ট সাইকিয়াট্রিস্ট ডা. ইশিতা আশরাফ “মানসিক স্বাস্থ্য সচেতনতা” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন, যেখানে ঘুম, শারীরিক ব্যায়াম এবং মানসিক প্রশান্তির গুরুত্ব তুলে ধরা হয়।
আরেকটি আকর্ষণীয় সেশন পরিচালনা করেন কমিউনিটির খ্যাতনামা স্পেশালিস্ট অনকোলজিস্ট ডা. নাজমুন নাহার। “নিজস্ব সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেই সুখ” শীর্ষক তার ইন্টার্যাকটিভ সেশন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, আজকের এই কথাগুলো আমাদের খুব দরকার ছিল। এই সেশন আমার হৃদয়ে অনেক শান্তি এনে দিয়েছে।
সেশন শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন, যেখানে সদস্য ও স্বেচ্ছাসেবীদের ভালোবাসায় প্রস্তুত নানা খাবার পরিবেশন করা হয়। বিকেলে আয়োজন করা হয় প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সিনিয়র সদস্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিভাবক ও অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
এই আয়োজনের মাধ্যমে এসবিডবলিয়েন ও সিএমআরসি-এর মধ্যে গড়ে ওঠা অংশীদারিত্বকে কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা। বিশেষ করে সিনিয়র, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা, শিক্ষার্থী এবং নতুন অভিবাসীদের সহায়তায় এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে ব্লাশ এন্ড ব্লুম তাদের মনোমুগ্ধকর ফ্লাওয়ার ওয়াল প্রদান করে, যা ঈদের উৎসবের রঙ ও আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। নারীদের জন্য একটি সহমর্মী, যত্নশীল এবং ইতিবাচক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন, যেখানে শরীর, মন ও হৃদয়ের যত্নে সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছে।