ঈদের আনন্দে হাতে মেহেদির গাঢ় রঙ যেন এক আলাদা সৌন্দর্য যোগ করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রঙ ফিকে হয়ে অস্পষ্ট দাগে পরিণত হলে তা অনেকের কাছেই অস্বস্তিকর লাগে। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে। কীভাবে দ্রুত এই মেহেদির দাগ দূর করা যায়?
চিন্তার কিছু নেই। ঘরে বসেই সহজ কিছু উপায়ে ত্বক থেকে মেহেদির রঙ হালকা বা পুরোপুরি তুলে ফেলা সম্ভব। তবে যেকোনো পদ্ধতি ব্যবহারের পর ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই শেষে অবশ্যই ময়েশ্চারাইজার বা নারকেল তেল ব্যবহার করা জরুরি।
লবণ পানি ব্যবহার
হালকা গরম পানিতে আধা কাপ লবণ মিশিয়ে ১৫–২০ মিনিট হাত বা পা ভিজিয়ে রাখুন। এতে ত্বকের মৃত কোষ দূর হয় এবং মেহেদির রঙ দ্রুত ফিকে হয়ে আসে।
স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন
ত্বকে স্ক্রাব করলে মেহেদির দাগ দ্রুত উঠে যায়। প্রাকৃতিক স্ক্রাব যেমন ব্রাউন সুগার বা এপ্রিকটযুক্ত স্ক্রাব ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তবে খুব জোরে ঘষবেন না।
অলিভ অয়েল ও লবণ
অলিভ অয়েলের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে দাগের ওপর লাগান। কিছুক্ষণ পর আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। এতে রঙ ধীরে ধীরে উঠে যাবে।
লেবুর রস ও বেকিং সোডা
গরম পানিতে বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে দাগের ওপর লাগাতে পারেন। এটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। তবে সংবেদনশীল ত্বকে ব্যবহারে সতর্ক থাকুন।
মেকআপ রিমুভার বা মাইসেলার ওয়াটার
মাইসেলার ওয়াটার বা মেকআপ রিমুভার তুলায় নিয়ে দাগের ওপর ব্যবহার করলে মেহেদি সহজেই উঠে আসে।
টুথপেস্ট ব্যবহার
সাদা করার টুথপেস্ট দাগের ওপর লাগিয়ে শুকিয়ে গেলে হালকা করে ঘষে ধুয়ে ফেলুন। এতে দাগ হালকা হবে।
নারকেল তেল ও চিনি স্ক্রাব
নারকেল তেল ও চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করলে ত্বক নরম থাকে এবং দাগ দ্রুত উঠে যায়।
সুইমিং পুলের পানি
ক্লোরিনযুক্ত পানিতে কিছু সময় থাকলে মেহেদির রঙ দ্রুত ফিকে হয়। তবে ত্বকের যত্ন নিতে পরে ভালোভাবে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
কন্ডিশনার ও অন্যান্য উপায়
চুলের কন্ডিশনার লাগিয়েও মেহেদির দাগ কিছুটা হালকা করা যায়। প্রয়োজনে হালকা মাত্রায় হাইড্রোজেন পারঅক্সাইডও ব্যবহার করা যেতে পারে।
সবশেষে মনে রাখতে হবে, তাড়াহুড়ো করে অতিরিক্ত স্ক্রাব বা কেমিক্যাল ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই ধীরে ধীরে, নিরাপদ উপায়েই মেহেদির দাগ তুলুন এবং ত্বকের যত্ন নিতে ভুলবেন না।