আলমারি শুধু কাপড় রাখার জায়গা নয়। এটি আপনার রুচি আর ব্যক্তিত্বেরও প্রতিচ্ছবি। কিন্তু অনেক সময় অতিরিক্ত কাপড়ের ভিড়ে প্রয়োজনের সময় পছন্দের পোশাকটাই খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ঈদের মতো উৎসবের পর নতুন পুরনো কাপড় মিলিয়ে আলমারি আরও এলোমেলো হয়ে যায়। তবে কিছু সহজ কৌশল জানলে খুব অল্প সময়েই আলমারিকে আবার পরিপাটি করে তোলা সম্ভব।
প্রথমেই আলমারি পুরো খালি করে ফেলুন। সব কাপড় বের করে নিয়ে তাক ও ড্রয়ার ভালোভাবে পরিষ্কার করুন। এতে জমে থাকা ধুলা ও গন্ধ দূর হবে। চাইলে আলমারির কোণায় ন্যাপথলিন বা শুকনো নিমপাতা রাখতে পারেন। যা পোকামাকড় দূরে রাখবে।
এরপর বাছাই করুন যে পোশাকগুলো গত এক বছরে একবারও পরা হয়নি, সেগুলো আলাদা করে ফেলুন। এগুলো দান করে দিতে পারেন বা অন্য কোথাও সংরক্ষণ করতে পারেন। এতে অপ্রয়োজনীয় জিনিসের ভিড় কমবে এবং প্রয়োজনীয় পোশাক সহজে খুঁজে পাওয়া যাবে।
কাপড়গুলো ধরন অনুযায়ী সাজানো খুব গুরুত্বপূর্ণ। যেমন শার্ট, টি-শার্ট, শাড়ি বা সালোয়ার কামিজ আলাদা আলাদা ভাগে রাখুন। চাইলে রঙ অনুযায়ী হালকা থেকে গাঢ় ক্রমে সাজাতে পারেন। এতে আলমারি দেখতে আরও সুন্দর ও গোছানো লাগে।
ড্রয়ারে কাপড় রাখার সময় একটির ওপর আরেকটি না রেখে লম্বালম্বি বা রোল করে রাখুন। এই ভার্টিক্যাল ফোল্ডিং পদ্ধতিতে সব কাপড় এক নজরে দেখা যায় এবং একটি বের করতে গিয়ে অন্যগুলো এলোমেলো হয় না।
হ্যাঙ্গার ব্যবহারের ক্ষেত্রেও সচেতন থাকুন। সিল্কের শাড়ি, কোট বা ব্লেজার হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা ভালো। তবে সব কাপড় ঝুলিয়ে না রেখে কিছু ভাঁজ করে রাখাই উত্তম। একই ধরনের মানসম্মত হ্যাঙ্গার ব্যবহার করলে আলমারি দেখতে আরও পরিপাটি লাগে।
ছোট জিনিসগুলো যেমন মোজা, টাই বা অন্তর্বাস আলাদা অর্গানাইজার বক্সে রাখুন। এতে এগুলো হারিয়ে যাবে না এবং প্রয়োজনের সময় সহজেই খুঁজে পাবেন।
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাপড়ের অবস্থানও বদলান। শীতের কাপড় গরমে সরিয়ে রাখুন, আর গরমের কাপড় সামনে রাখুন। এতে আলমারির জায়গা কাজে লাগবে আরও ভালোভাবে।
সবশেষে, নিয়মিত একটু সময় দিন। সপ্তাহে অন্তত একদিন ১০–১৫ মিনিট আলমারির অবস্থা দেখে নিন। কাপড় ধোয়ার পর শুকালেই ভাঁজ করে জায়গামতো রাখার অভ্যাস গড়ে তুলুন।
পরিপাটি আলমারি শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না। এটি আপনার প্রতিদিনের জীবনকেও সহজ ও স্বস্তিদায়ক করে তোলে। তাই দেরি না করে আজই একটু সময় বের করে নিজের আলমারিটা গুছিয়ে ফেলুন।