ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশেষ করে গরমের শুরুতে মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়ে যায়। সন্ধ্যার পর ঘরের ভেতরে ও বাইরে মশার কামড় কেবল বিরক্তিরই কারণ নয়, বরং এটি ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায়।
অনেকেই মশা তাড়াতে কয়েল বা রাসায়নিক স্প্রে ব্যবহার করেন, যা শ্বাসকষ্ট বা অ্যালার্জির কারণ হতে পারে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই কীভাবে প্রাকৃতিক উপায়ে ঘরকে মশামুক্ত রাখবেন, আসুন জেনে নেই সেই উপায়…
কোথাও পানি জমতে না দেওয়া
মশা স্থির বা বদ্ধ পানিতে ডিম পাড়ে। তাই ঘরের ভেতরে বা আশেপাশে প্লাস্টিকের পাত্র, ফুলের টব, ডাবের খোসা, এসি বা ফ্রিজের ট্রে এবং অব্যবহৃত টায়ারে যেন পানি না জমে, সেদিকে খেয়াল রাখুন। নিয়মিত জমা পানি পরিষ্কার করলে মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।
রসুনের প্রাকৃতিক স্প্রে
রসুনের তীব্র গন্ধ মশা একদমই সহ্য করতে পারে না। কয়েকটি রসুনের কোয়া থেঁতো করে পানিতে ফুটিয়ে নিন। পানি ঠান্ডা হলে একটি স্প্রে বোতলে ভরে ঘরের কোণায়, জানালার পাশে এবং দরজার পর্দায় স্প্রে করুন। প্রাকৃতিক এই সুবাস মশা দূরে রাখবে।
সুগন্ধি বা এসেনশিয়াল অয়েল
ইউক্যালিপটাস, লেমনগ্রাস, পুদিনা কিংবা টি-ট্রি অয়েলের মতো সুগন্ধি তেল মশা তাড়াতে দারুণ কার্যকরী। সামান্য পানির সাথে এই তেল মিশিয়ে ঘরে স্প্রে করতে পারেন। অথবা তুলোর বল এই তেলে ভিজিয়ে ঘরের প্রবেশমুখে রেখে দিলে মশা ভেতরে ঢুকবে না।
নিমের পাতার ধোঁয়া
প্রাচীনকাল থেকেই মশা তাড়াতে নিম পাতার ব্যবহার হয়ে আসছে। শুকনো নিম পাতা পোড়ালে যে ধোঁয়া তৈরি হয়, তার গন্ধে মশা পালিয়ে যায়। বাড়ির বারান্দা বা উঠানে নিরাপদে নিম পাতা পুড়িয়ে ধোঁয়া দিলে মশার উপদ্রব কমে যায়।
জালি বা নেট ব্যবহার
মশা যেন ঘরে প্রবেশই করতে না পারে, সেজন্য দরজা ও জানালায় মিহি জালি বা নেট ব্যবহার করা সবচেয়ে স্থায়ী সমাধান। এতে ঘরে আলো-বাতাস চলাচলের কোনো বিঘ্ন ঘটে না, অথচ মশা আটকে যায়।
মশা প্রতিরোধক গাছপালা
কিছু গাছের গন্ধ মশার জন্য যম। আপনার বারান্দা বা ঘরের জানালায় তুলসী, পুদিনা, ল্যাভেন্ডার কিংবা সিট্রোনেলা গাছ রাখতে পারেন। এগুলো যেমন প্রাকৃতিক উপায়ে মশা তাড়াবে, তেমনই ঘরের সৌন্দর্য বাড়াবে এবং বাতাস সতেজ রাখবে।
চারপাশ পরিষ্কার রাখা
ঘর ও ঘরের আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ঘরের কোণায় জমে থাকা ময়লা, অন্ধকার জায়গা কিংবা বাইরের ঝোপঝাড় ছেঁটে ফেলুন। নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশ মশার প্রিয় আবাসস্থল, তাই পরিচ্ছন্নতাই মশা থেকে বাঁচার মূল চাবিকাঠি।