Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বারান্দাই হোক আপনার সুস্থতার উৎস

লাইফস্টাইল ডেস্ক
৬ মে ২০২৬ ১৮:৪৬

বাগান মানেই অনেকেই মনে করেন, এটি অনেক পরিশ্রম আর দীর্ঘ সময়ের পরিচর্যা। আসলে তা কিন্তু নয়। এমন কিছু ভেষজ গাছ আছে যা খুব সামান্য যত্নেই দ্রুত বেড়ে ওঠে এবং আমাদের দৈনন্দিন স্বাস্থ্য ও রূপচর্চায় দারুণ কাজে লাগে।

এই গরমে আপনার বারান্দার জন্য সেরা কিছু ভেষজ গাছের তালিকা নিচে দেয়া হলো…

তুলসি: প্রাকৃতিক রোগ প্রতিরোধক

খুব সাধারণ যত্ন আর নিয়মিত রোদে তুলসি গাছ চমৎকারভাবে বেড়ে ওঠে। প্রতিদিন সকালে তুলসি পাতা চিবিয়ে খেলে বা চায়ে দিয়ে পান করলে সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যায়। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে অতুলনীয়।

অ্যালোভেরা: ত্বকের বন্ধু

বিজ্ঞাপন

তেমন কোনো বাড়তি ঝক্কি ছাড়াই বাড়ির টবে বেঁচে থাকে অ্যালোভেরা। রোদে পোড়া ত্বকের জ্বালাপোড়া কমাতে বা কাটা-ছেঁড়া সারাতে এর জেল জাদুর মতো কাজ করে। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রূপচর্চায় বিশেষ ভূমিকা রাখে।

পুদিনা: পেটের স্বস্তি ও সতেজতা

গরমের দিনে পুদিনার চেয়ে বড় আরাম আর কিছু হতে পারে না। পর্যাপ্ত পানি আর হালকা রোদে পুদিনা দ্রুত ডালপালা ছড়ায়। এর শরবত শরীর ঠান্ডা রাখে এবং হজমশক্তি বাড়ায়। খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতেও পুদিনার পাতা ব্যবহার করা যায়।

লেমনগ্রাস: মানসিক প্রশান্তি

দিনের শুরুতে ক্লান্তি দূর করতে লেমনগ্রাস চায়ের জুড়ি নেই। এটি হজম প্রক্রিয়া উন্নত করার পাশাপাশি মানসিক চাপ কমাতে সাহায্য করে। তবে খেয়াল রাখবেন, প্রখর রোদ থেকে বাঁচিয়ে একটু ছায়াযুক্ত স্থানে রাখলে লেমনগ্রাস বেশি ভালো থাকে।

কারি পাতা: রান্না ও চুলের যত্ন

যেকোনো সাধারণ তরকারি বা ফোড়নে কারি পাতা যোগ করলে স্বাদ বহুগুণ বেড়ে যায়। শুধু রান্না নয়, চুলের সুস্বাস্থ্য বজায় রাখতেও এই পাতা বেশ কার্যকর। এতে থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য অত্যন্ত উপকারী। রোদ আর নিয়মিত পানি পেলে এই গাছ অনায়াসেই বারান্দায় টিকে থাকে।