বাঙালির চিরচেনা জ্যৈষ্ঠ মাস মানেই চারদিকে পাকা ফলের মিষ্টি সুবাস। এই মধুমাসে আমজনতার সবচেয়ে প্রিয় ফলের তালিকায় শুরুতেই থাকে রসালো আম। গরমে হাঁসফাঁস করা ক্লান্ত দুপুরে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের স্মুদি নিমেষেই এনে দিতে পারে পরম স্বস্তি। খুব সহজ কিছু উপাদানে ঝটপট তৈরি করে নেয়া যায় এই পানীয়।
আসুন জেনে নেই, মধুমাসের পাকা আম দিয়ে জাদুকরী স্মুদি তৈরির সহজ উপায় …
প্রয়োজনীয় উপকরণ
কিউব করে কাটা পাকা আম: ১ কাপ
ঘন ঠান্ডা দুধ: আধা কাপ
মিষ্টি বা টক দই: আধা কাপ
চিনি বা মধু: স্বাদ অনুযায়ী
বরফ কুচি: ইচ্ছেমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে তাজা পাকা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার একটি ব্লেন্ডারের জগে বরফ কুচি বাদে বাকি সব উপকরণ অর্থাৎ আমের টুকরো, ঠান্ডা দুধ, দই এবং স্বাদমতো চিনি একসঙ্গে ঢেলে দিন।
সব উপাদান ব্লেন্ডারে দিয়ে চড়া গতিতে কিছুক্ষণ ব্লেন্ড করুন, যতক্ষণ না মিশ্রণটি একদম মসৃণ ও ঘন হয়ে উঠছে। ভালোভাবে মিশে গেলে কাঁচের সুন্দর গ্লাসে ঢেলে নিন। এবার উপর থেকে কিছুটা বরফ কুচি এবং চাইলে দু-একটি আমের কিউব সাজিয়ে পরিবেশন করুন কলিজা ঠান্ডা করা পাকা আমের স্মুদি।
একটি জরুরি টিপস: স্মুদির আসল স্বাদ ও পুষ্টি বজায় রাখতে এটি ব্লেন্ড করার পরপরই খেয়ে ফেলা ভালো, দীর্ঘসময় ফ্রিজে সংরক্ষণ না করাই শ্রেয়।