Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘর সাজাতে তাজা ফুলের ম্যাজিক: জানুন সতেজ রাখার নানান উপায়

লাইফস্টাইল ডেস্ক
২৪ মে ২০২৬ ২০:৩১

প্রকৃতিকে ঘরের ভেতর নিয়ে আসার সবচেয়ে সুন্দর মাধ্যম হলো একগুচ্ছ তাজা ফুল। ফুলদানিতে রাখা উজ্জ্বল রঙের সজীব ফুলের সুবাস মুহূর্তেই ঘরের পরিবেশ পাল্টে দেয়, মনকে করে তোলে ফুরফুরে। কিন্তু ঘর সাজানোর এই প্রাকৃতিক উপাদানের বড় সীমাবদ্ধতা হলো এর স্থায়িত্ব। সাধারণত দু-তিন দিন পরই ফুল শুকিয়ে যায় বা পাপড়ি ঝরে পড়ে। তবে সামান্য কিছু কৌশলে এই আয়োজনকে দীর্ঘস্থায়ী করা সম্ভব।

পরিচ্ছন্ন ফুলদানি ও সঠিক ছাঁটাই

ফুল দীর্ঘক্ষণ টাটকা রাখার প্রথম ধাপ হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। ফুলদানিতে ফুল সাজানোর আগে পাত্রটি সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোমতো ধুয়ে নিতে হবে। এতে ভেতরে থাকা অদৃশ্য জীবাণু বা ব্যাকটেরিয়া ফুলকে দ্রুত নষ্ট করতে পারবে না। এরপর একটি ধারালো কাঁচি বা ছুরি দিয়ে ফুলের ডাঁটির নিচের অংশ প্রায় আধা ইঞ্চি তির্যক বা কোণাকুণি করে কাটুন। এই বিশেষ কৌশলে কাটলে ডাঁটা বেশি পানি শোষণ করতে পারে, ফলে ফুল সহজে নেতিয়ে পড়ে না।

বিজ্ঞাপন

লবণ-পানির জাদুকরী প্রভাব

ফুলের সজীবতা ধরে রাখতে সাধারণ পানির চেয়ে হালকা লবণ মিশ্রিত পানি অনেক বেশি কার্যকর। বিশেষ করে সৈন্ধব লবণ বা ‘পিংক সল্ট’ ব্যবহার করলে ফল মেলে সবচেয়ে ভালো। লবণে থাকা সোডিয়াম ও ক্লোরাইড আয়ন পানিতে ব্যাকটেরিয়ার বংশবিস্তার রোধ করে অ্যান্টিসেপটিকের মতো কাজ করে। এছাড়া লবণের খনিজ উপাদান ডাঁটির কোষে পানি চলাচল স্বাভাবিক রাখে, যা ফুলের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। তবে খেয়াল রাখতে হবে, এক চা-চামচের বেশি লবণ মেশানো যাবে না, কারণ অতিরিক্ত লবণ হিতে বিপরীত ঘটাতে পারে।

সতর্কতা ও রক্ষণাবেক্ষণ

ফুল সরাসরি সূর্যের আলোতে রাখা উচিত নয়; বরং ঘরকে শীতল বা ছায়াযুক্ত স্থানে রাখলে সজীবতা বেশি দিন থাকে। রাতে সরাসরি এসি বা ফ্যানের বাতাসের নিচে ফুলদানি না রাখা ভালো। প্রতিদিন ফুলদানির পানি বদলে ফেলা এবং প্রতিবার সামান্য করে ডাঁটি ছেঁটে দেওয়া ফুলের আয়ু বাড়াতে জাদুর মতো কাজ করে। এছাড়া পাপড়িতে ধুলো জমলে নরম কাপড় দিয়ে মুছে দিলে ফুলের সৌন্দর্য অটুট থাকে।

সারাবাংলা/এনএল/এএসজি