কোরবানির ঈদ মানেই সকাল থেকেই চারদিকে হইচই আর ব্যস্ততা। রান্নাঘরের তদারকি থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সব সামলাতে গিয়ে নিজের জন্য দু-দণ্ড সময় পাওয়াও কঠিন হয়ে পড়ে। ফলস্বরূপ, মনের মতো করে সাজগোজ করার ইচ্ছাটা অনেকেরই অধরা থেকে যায়। তবে একটু বুদ্ধি খাটালেই কিন্তু রান্নাবান্না আর ব্যস্ততার ফাঁকে, মাত্র ৫ মিনিটে নিজেকে একদম সতেজ ও পরিপাটি করে তোলা সম্ভব।
আসুন জেনে নেই ভারী মেকআপের ঝামেলা এড়িয়ে কীভাবে পাবেন এক চিলতে স্নিগ্ধ ও ন্যাচারাল লুক …
চটজলদি স্কিন প্রিপারেশন
যেকোনো সুন্দর সাজের আসল রহস্য লুকিয়ে আছে পরিচ্ছন্ন ত্বকে। ঈদের সকালে সলিড কোনো স্কিনকেয়ার রুটিনের সময় না থাকলে, ঝটপট একটা মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের তেলতেলে ভাব কেটে গিয়ে নিমেষেই একটা ফ্রেশ অনুভুতি আসবে। এরপর একটি টিন্টেড সানস্ক্রিন লাগিয়ে নিন। এটি রোদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ত্বকে হালকা কাভারেজ দেবে। বাড়তি একটু গ্লো পেতে চাইলে সানস্ক্রিনের সাথে সামান্য স্ট্রোব ক্রিম মিশিয়ে নিতে পারেন, এতে ত্বক ভেতর থেকে উজ্জ্বল দেখাবে।
দাগছোপ লুকাতে স্পট কনসিলিং
ন্যাচারাল লুকের মূল শর্তই হলো, ত্বকে যেন মেকআপের কোনো বাড়তি স্তর বোঝা না যায়। তাই পুরো মুখে ফাউন্ডেশন লেপার কোনো প্রয়োজন নেই। শুধু চোখের নিচের ডার্ক সার্কেল, নাকের পাশ কিংবা মুখের কোনো কালো দাগ ঢাকতে সামান্য কনসিলার ব্যবহার করুন। আঙুলের ডগা বা বিউটি ব্লেন্ডার দিয়ে আলতো করে চেপে চেপে এটি ত্বকের সাথে মিশিয়ে নিন। মুহূর্তেই ক্লান্তিভাব দূর হয়ে চেহারা প্রাণবন্ত হয়ে উঠবে।
কনট্যুর ও ব্লাশের ছোঁয়া
মুখের ফিচারগুলোকে একটু শার্প দেখাতে মাল্টি-পারপাস ক্রিম কনট্যুর স্টিক ব্যবহার করতে পারেন। চিকবোন, কপাল ও থুতনির লাইনে সামান্য ব্লেন্ড করে নিলেই কেল্লাফতে! এরপর গালে সামান্য পিচ বা হালকা গোলাপি রঙের ব্লাশ ছুঁইয়ে দিন। ঈদে এক চিলতে রোদ-ঝলমলে সতেজতা ফুটিয়ে তুলতে এই সামান্য ব্লাশটুকুর জুড়ি নেই। তবে মনে রাখবেন, রঙ যেন খুব গাঢ় না হয়।
চোখ, ভুরু আর ঠোঁটের ম্যাজিক
চেহারার আসল ফ্রেম হলো ভুরু। একটি স্পুলি ব্রাশ দিয়ে ভুরু জোড়া আঁচড়ে নিয়ে আইব্রো জেল বা পাউডার দিয়ে হালকা ফিল-আপ করে নিন। চোখের পাতায় ভারী আইলাইনার বা আইশ্যাডো না দিয়ে, কেবল এক কোট মাসকারা লাগিয়ে নিন; এতেই চোখ দুটো বড় আর উজ্জ্বল দেখাবে। সবশেষে ঠোঁটে দিন ন্যুড, কোরাল বা সফট পিংক শেডের কোনো লিপ টিন্ট। চাইলে ঠোঁটের ন্যাচারাল শেপ ঠিক রাখতে প্রথমে হালকা লিপ লাইনার বুলিয়ে নিতে পারেন।
মেকআপ লক ও ফাইনাল টাচ
সাজগোজ তো হলো, এবার তা সারাদিন ধরে রাখার পালা। পুরো মুখে হালকা করে একটু সেটিং স্প্রে বা ফেস মিস্ট ছিটকে নিন। এটি মেকআপকে ত্বকের সাথে সুন্দরভাবে বসিয়ে দেবে এবং একটা ডিউই বা আর্দ্র ভাব ধরে রাখবে।