ঈদের আনন্দ মানেই পরিবার-পরিজনের সঙ্গে আড্ডা আর টেবিলজুড়ে জিভে জল আনা সব খাবারের আয়োজন। আর সেই আয়োজনে যদি থাকে ধোঁয়া ওঠা গরম গরম খাসির পায়া বা নিহারি, তবে তো আর কোনো কোথায় থাকে না ভোজনরসিকদের। মুখে লেগে থাকার মতো ঘন ঝোল আর নরম তুলতুলে মাংসের এই ঐতিহ্যবাহী পদটি আপনার ঈদ মেন্যুতে যোগ করতে পারে এক ভিন্ন মাত্রা।
আসুন জেনে নেই খুব সহজ উপায়ে কীভাবে ঘরেই রেস্টুরেন্টের স্বাদে খাসির পায়া রান্নার রেসিপি…
প্রয়োজনীয় উপকরণ
ঈদের স্পেশাল এই পদটি তৈরি করতে আপনার হাতের কাছে যা যা লাগবে:
খাসির পায়া: ২ কেজি
পেঁয়াজ কুচি: ৫০০ গ্রাম
রসুন বাটা/কুচি: ১০০ গ্রাম
আদা বাটা: ১০ গ্রাম
কাঁচামরিচ: ১০টি
এলাচ: ৫ গ্রাম
গোলমরিচ গুঁড়ো: ১ টেবিল চামচ
চিলি সস: ১০০ গ্রাম
কর্নফ্লাওয়ার: ২০ গ্রাম (ঝোল ঘন করার জন্য)
ভোজ্য তেল: ৫০ গ্রাম
লবণ: স্বাদমতো
প্রস্তুত প্রণালী
ধাপ ১ (পরিষ্কার করা): প্রথমে খাসির পায়াগুলো খুব ভালো করে ধুয়ে ও পরিষ্কার করে নিন। এরপর পছন্দসই টুকরো করে কেটে জল ঝরিয়ে রাখুন।
ধাপ ২ (সেদ্ধ করা): এবার একটি বড় পাত্রে কেটে রাখা পায়া, পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, কাঁচামরিচ ও গোলমরিচ গুঁড়ো দিন। পরিমাণমতো জল ও তেল মিশিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ২ থেকে ৩ ঘণ্টা জ্বাল দিন। (খেয়াল রাখবেন মাংস যেন হাড় থেকে নরম হয়ে খুলে আসে)।
ধাপ ৩ (ঝোল ঘন করা): পায়া পুরোপুরি নরম হয়ে এলে ঝোল ঘন করার পালা। এর জন্য চিলি সস এবং সামান্য জলে গোলানো কর্নফ্লাওয়ার পাত্রে ঢেলে দিন।
ধাপ ৪ (ফাইনাল টাচ): সবশেষে স্বাদ বুঝে লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আরও কিছুক্ষণ দমে রাখুন।
পরিবেশন
ঝোল মাখা মাখা ও ঘন হয়ে এলে নামিয়ে নিন। ঈদ স্পেশাল গরম গরম নান রুটি, পরোটা কিংবা চালের রুটির সঙ্গে পরিবেশন করুন দারুণ সুস্বাদু খাসির পায়া।