বাইরের জনপ্রিয় রেস্তোরাঁ কিংবা স্ট্রিট ফুডের দোকানে তরুণদের ভিড় জমানোর অন্যতম কারণ হলো লোভনীয় ‘চিকেন মিট বক্স’। মচমচে ফ্রেঞ্চফ্রাই, জুসি মশলাদার চিকেন আর সসের চটপটা স্বাদের দুর্দান্ত কম্বিনেশন নিমিষেই মন ভরিয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন? রেস্তোরাঁর এই চড়া দামের খাবারটিই মাত্র কয়েকটা সাধারণ উপকরণে একদম স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করা সম্ভব! আড্ডার টেবিল জমিয়ে তুলতে কিংবা বাচ্চাদের বিকেলের নাস্তায় ঝটপট দারুণ কিছু পরিবেশন করতে বানিয়ে নিতে পারেন এই পদটি।
আসুন জেনে নেই, হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঘরেই রেস্তোরাঁর নিখুঁত স্বাদের ‘চিকেন মিট বক্স’র সহজ রেসিপি…
প্রয়োজনীয় উপকরণ
চিকেন প্রিপারেশনের জন্য:
মুরগির বুকের মাংস (ছোট কিউব কাটা): ২ কাপ
আদা বাটা: ১ চা চামচ
রসুন বাটা: ১ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া: ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া: আধা চা চামচ
জিরা গুঁড়া: আধা চা চামচ
সয়া সস: ১ চা চামচ
রান্নার তেল: ১ টেবিল চামচ
লবণ: স্বাদমতো
ফ্রেঞ্চফ্রাই ও সসের জন্য:
বড় আকারের আলু: ২ টি (লম্বা ফ্রেঞ্চফ্রাই কাটে কাটা)
মেয়োনিজ: ২ টেবিল চামচ
টমেটো কেচাপ: ২ টেবিল চামচ
বারবিকিউ সস: ১ টেবিল চামচ
চিলি ফ্লেক্স: ১ চা চামচ
তেল (ভাজার জন্য): পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
চিকেন ম্যারিনেশন ও রান্না: প্রথমে কেটে রাখা মুরগির মাংসের টুকরোগুলোর সাথে আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, সয়া সস, সামান্য তেল ও লবণ দিয়ে ভালোভাবে মেখে ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর কড়াইতে সামান্য তেল গরম করে ম্যারিনেট করা মাংস মাঝারি আঁচে ৮-১০ মিনিট ভেজে নিন। মাংস সেদ্ধ হয়ে মসলা মাখা মাখা হয়ে এলে নামিয়ে রাখুন।
ফ্রেঞ্চফ্রাই প্রস্তুতকরণ: কেটে রাখা আলুর টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিন। ডুবো তেলে গোল্ডেন ব্রাউন ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে রাখুন।
স্পেশাল সস মিশ্রণ: একটি ছোট বাটিতে মেয়োনিজ, টমেটো কেচাপ, বারবিকিউ সস এবং চিলি ফ্লেক্স একসাথে মিশিয়ে তৈরি করে নিন মিট বক্সের সিক্রেট সস।
সার্ভিং বা মিট বক্স সাজানো: একটি ছড়ানো বাটি বা ফয়েল বক্সে প্রথমে ভাজা ফ্রেঞ্চফ্রাইয়ের লেয়ার বা স্তর দিন। এর ওপর রান্না করা জুসি চিকেনের টুকরোগুলো ছড়িয়ে দিন। সবশেষে ওপর থেকে তৈরি করা স্পেশাল সস (চাইলে সামান্য গলানো চিজ) ছড়িয়ে দিন।
গরম গরম পরিবেশন ও দারুণ তৃপ্তি
লেয়ার সাজানো শেষ হলে উপর থেকে পছন্দমতো একটু অতিরিক্ত চিজ ছড়িয়ে ওভেনে কয়েক সেকেন্ড মেল্ট করে নিতে পারেন, আবার সস দিয়েই সরাসরি পরিবেশন করতে পারেন। খুব সহজেই বাড়িতে তৈরি এই ধোঁয়া ওঠা মিট বক্স শুধু আপনার স্বাদের চাহিদা মেটাবে না, বরং বাইরের অনিরাপদ খাবার থেকে পরিবারকেও রাখবে নিরাপদ। তাই আর দেরি না করে আজই ট্রাই করুন দারুণ এই রেসিপি!