Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউখালীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ২০:৩৭

হলুদ ফুলে ঝলমল করছে সরিষা খেত।

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। অল্প খরচে ভালো লাভের সম্ভাবনা এবং ভোজ্যতেলের বাড়তি চাহিদাকে সামনে রেখে উপজেলায় দিন দিন বাড়ছে সরিষার আবাদ। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ ও কৃষি বিভাগের পরামর্শে এ বছর উৎপাদনও বেড়েছে।

উপজেলার বিভিন্ন মাঠ এখন সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। দিগন্তজোড়া এই হলুদ আভা কৃষকদের পাশাপাশি পথচারীদেরও আকর্ষণ করছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কাউখালীর পাঁচটি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ৭০ হেক্টর জমিতে সরিষা আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে উচ্চফলনশীল জাতের বীজ দেওয়া হয়। এর মধ্যে বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১ জাতের আবাদ বেশি হয়েছে।

বিজ্ঞাপন

সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া গ্রামের কৃষক মো. শাওন বলেন, ভোজ্যতেলের দাম বেশি থাকায় নিজের চাহিদা মেটানো এবং বাজারে বিক্রির জন্য তিনি ৩৩ শতাংশ জমিতে বিনা সরিষা-১১ জাতের সরিষা চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন তিনি।

সোনাকুর গ্রামের কৃষক সজল বৈরাগী ও হোগলা গ্রামের কৃষক লাকি হাওলাদার জানান, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর সরিষার ফলন গত বছরের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার বলেন, ‘তেল ফসলের আবাদ বাড়াতে কৃষকদের নিয়ে উঠান বৈঠকসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরিষা চাষে নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি রোগবালাই প্রতিরোধ ও পরিচর্যা বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস জানান, এ বছর কাউখালী উপজেলায় ৬৬ হেক্টর জমিতে বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১ জাতের সরিষা আবাদ হয়েছে। এতে প্রায় ১২০ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে। এ পরিমাণ সরিষা থেকে আনুমানিক ৫০ মেট্রিক টন ভোজ্যতেল উৎপাদন করা সম্ভব হবে।

তিনি বলেন, সরিষার আবাদ বাড়াতে ভবিষ্যতেও কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দিয়ে যাবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর