Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে আসছেন জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি জনসভায় অংশ নিবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে এ উপলক্ষ্যে জেলা শহরের বড় ইন্দারা মোড়স্থ জেলা জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থান এবং একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছে। আল্লাহর সাহায্য ও জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

বক্তারা জানান, ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে জোট নেতারা উপস্থিত থাকবেন। জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মো. মিজানুর রহমান।

এ সময় জনসভা সফল করতে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, আইনজীবী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদ সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর