Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ছাত্রদলের ২০ নেতার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭

মুন্সীগঞ্জ: তৃণমূলের মতামত উপেক্ষা করে বিএনপির জাতীয় সংসদ প্রার্থী মনোনয়ন এবং একের পর এক নেতাকর্মী বহিষ্কারের প্রতিবাদে গজারিয়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২০ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রসুলপুর খেয়াঘাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা জানিয়েছেন, দলীয় পদ থেকে সরে গেলেও তারা বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি। তারা মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত জেলা বিএনপি সদস্য সচিব মো. মহিউদ্দিনের নির্বাচনি কার্যক্রমে অংশ নেবেন এবং প্রয়োজন হলে ভবিষ্যতে আবারও দলে ফিরবেন।

বিজ্ঞাপন

পদত্যাগকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন সরকার মিশু, ভবেরচর ইউনিয়ন সভাপতি মাসুদ রানা শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন সভাপতি নোমান বিল্লাহ বাবু, ইমামপুর ইউনিয়ন সভাপতি বাঘ মাসুদ, টেংগারচর ইউনিয়ন সভাপতি চঞ্চল শেখ, বাউশিয়া ইউনিয়ন সভাপতি শহীদ জিয়া, গজারিয়া ইউনিয়ন সভাপতি সালমান ও গুয়াগাছিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক সিরাজ সরকার।

সংবাদ সম্মেলনে মইনুদ্দিন সরকার মিশু বলেন, ‘মুন্সীগঞ্জ-৩ আসনে তৃণমূলের মতামত গুরুত্বহীনভাবে উপেক্ষা করা হয়েছে। জনপ্রিয় নেতা মহিউদ্দিনকে মনোনয়ন না দিয়ে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তার পক্ষে অবস্থান নেওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতাকর্মীকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়েছে, যা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।’

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত সদস্য সচিব নাদিম মাহমুদ অপু বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যাকে পাশে পেয়েছি, সেই জননেতা মহিউদ্দিনকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাকে বিজয়ী করতে আমরা মাঠে থাকব।’

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন। মনোনয়ন প্রত্যাশী হিসেবে জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মহিউদ্দিন শক্ত অবস্থান তৈরি করেছিলেন। মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনের পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর