Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ট্রেন থামিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১

রেলপথ অবরোধ করে বিক্ষোভ।

কুষ্টিয়া: দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের সুযোগ দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় পরীক্ষা বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় সড়ক ও রেলপথ অবরোধ করে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সব শ্রেণি ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা ট্রেন থামিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ সময়ের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যোগ্যতা অর্জন করেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া সম্পূর্ণ বৈষম্যমূলক। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন হবে বলে তারা দাবি করেন।

বিজ্ঞাপন

তারা আরও জানান, পূর্বে কারিগরি খাতে দশম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ নীতিমালা পরিবর্তন করে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেওয়ায় ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করা হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এ কর্মসূচি চলাকালে প্রায় ৩০ মিনিট খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই সঙ্গে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সড়কপথের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলন প্রত্যাহার করলে সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর