Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪০ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৫

সিরাজগঞ্জ জেলা শহরে মহিলা জামায়াতের বিক্ষোভ।

সিরাজগঞ্জ: সারাদেশে নির্বাচনি প্রচারণার সময় মহিলাদের ওপর হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে মহিলা জামায়াতের নারীদের অংশগ্রহণে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের বাজার স্টেশনে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সিরাজগঞ্জের ইতিহাসে জামায়াতে ইসলামীর এত বড় নারী জমায়েত এর আগে দেখা যায়নি।

এর আগে, বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে নারীরা একত্রিত হতে শুরু করেন। পরে বিভিন্ন প্রান্ত থেকে নারীরা মিছিলে যোগ দেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজন নারী বলেন, জামায়াতে ইসলামী কোনো সময় লোক দেখানো কাজ করেনি এবং করবেও না। জামায়াতে ইসলামীকে ভালোবাসে, এমন হাজার হাজার নারী বিক্ষোভে এসেছে। আমাদের ভালোবাসা অন্তরে। আজ হাজারো নারীর অংশগ্রহণ অবশ্যই সিরাজগঞ্জবাসীর সকল প্রশ্নের জবাব দিয়ে দেবে।

বিজ্ঞাপন

স্থানীয় চা-দোকানদার রুবেল হোসেন বলেন, ‘বাজার স্টেশন এলাকায় ২৫ বছর ধরে চা বিক্রি করছি। আমার জীবনে এতো মহিলা একত্রিত হয়ে মিছিল করেছে এটা আমি দেখিনি।’

ডাব-বিক্রেতা মঈন উদ্দিন বলেন, ‘জানতাম জামায়াত ইসলামীতে শুধু পুরুষমানুষ রয়েছে। কিন্তু এতো নারী রয়েছে কোনোদিন ভাবতে পারি নাই। আজ আমাদের ভুল ভেঙে গেছে। এত বড় জমায়েত সিরাজগঞ্জবাসী কোনো দিন দেখেনি।’

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি, সিরাজগঞ্জ-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনি প্রচারের সময় সারাদেশে মহিলাদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তি করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। যারা এ ধরনের কাজ করছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

এ সময় জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ জামায়াতের মহিলা বিভাগের শত-শত নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর