জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিচার না হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংশ্লিষ্ট শিক্ষকদের ছবি ঝুলিয়েছেন জাকসু নেতারা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এসব শিক্ষকদের ছবি ঝোলানো হয়। এ কর্মসূচির মাধ্যমে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান জাকসু নেতারা।
এ সময় জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, ‘জুলাই-হামলার মদদদাতা, শিক্ষক নামধারী এসব নৃশংস ব্যক্তিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন চলবে। এই ছবি ঝোলানোর মূল উদ্দেশ্য হলো—সাধারণ শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয়ে আগত দর্শনার্থীরা যেন সহজেই এই শিক্ষকদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারেন; পাশাপাশি প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাইয়ে সংঘটিত ঘটনাগুলোতে অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়টি অধিকতর তদন্তের মাধ্যমে যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে অভিযোগকারী ও অভিযোগের স্বপক্ষে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ, ভিডিও পর্যালোচনা এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য গ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রশাসন আরও জানায়, বর্তমানে অভিযোগকারীদের উত্থাপিত অভিযোগ, গৃহীত সাক্ষ্য এবং আত্মপক্ষ সমর্থনে প্রদত্ত বক্তব্য থেকে প্রাপ্ত তথ্য আরও গভীরভাবে বিশ্লেষণ ও পর্যালোচনার স্বার্থে পুনরায় সাক্ষ্য গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এসব কার্যক্রম শেষে সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত ও স্বাক্ষর সম্পন্ন করে আগামী ১৫ এপ্রিল চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।