ঠাকুরগাঁও: জামায়াতের হাতে কখনো দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা ১৯৭১ এ পাকিস্তানিদের সহযোগিতা করেছিল। বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা করবে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমি ঠাকুরগাঁওকে সম্প্রীতির জেলা করতে চাই। আমরা অতীতে যেভাবে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে একসাথে বড় হয়েছি, আমরা সেভাবে থাকতে চাই। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আপনাদের সবার সহযোগিতা চাই।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন, আইটি ট্রেনিং সেন্টার চালু করে কৃষক ও যুবকদের কাজের সংস্থানের মাধ্যমে আয় বাড়াতে চাই। মেয়েদের নার্সিং ট্রেনিং দিতে চাই যেন তারা দেশে বিদেশে চাকরি করে স্বনির্ভর হতে পারে। দক্ষ শ্রমিক তৈরি করে সরকারিভাবে বিদেশে চাকরির সুযোগ করে দিতে চাই।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। আপনারা কোনো ভয় করবেন না। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন।
তিনি বলেন, আমরা আগে ভোট দিতে পারিনি। ২০১৮ সালের ভোটে আমরা ছিলাম, কিন্তু সে সময় আগের রাতেই ভোট হয়ে গিয়েছিল। আমরা এখন একটা সুন্দর পরিবেশ পেয়েছি যার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে।
মহাসচিব বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু কাজ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা নির্বাচিত হলে প্রথমেই ৫০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন।
কৃষকদের জন্য তার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমরা নির্বাচিত হলে কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে। কৃষকদের কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মাফ করে দেব এবং বিভিন্ন এনজিওতে যে ঋণ আছে, তাও মাফ করে দেওয়া হবে। দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে।
জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিপক্ষকে আক্রমণ করতে হলে নিজের অবস্থানটা বুঝতে হবে। তাই ব্যক্তি সমালোচনা করতে হবে হিসাব করে। আমি ব্যক্তি সমালোচনা বরাবরই করিনা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ওয়ার্ড বিএনপিসহ সাধারণ ভোটাররা।