পিরোজপুর: পিরোজপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরেশোরে চলছে। তিন দিন ধরে প্রায় ৪০ জন শ্রমিক নিরবচ্ছিন্নভাবে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন, আলোকসজ্জাসহ সার্বিক প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত সময় পার করছেন।
আয়োজকেরা জানান, দাঁড়িপাল্লার আদলে নির্মিত হচ্ছে মূল মঞ্চ। জনসভায় পিরোজপুরের সাতটি উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগমের আশা করা হচ্ছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আক্তার মিতু।
এ ছাড়াও, বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকেরা আরও জানান, শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।