ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলা বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠী, নড়াইল ও ফরিদপুরের বিভিন্নস্থানে জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানায়, এই সফরে তিনি বরিশাল বিভাগের তিন জেলায় টানা তিনটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন। ‘দাঁড়িপাল্লা,’ প্রতীক এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে মাঠে নেমে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলবেন জামায়াত আমির।
জানা গেছে, এসব জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ১১ দলীয় জোটের মোট ২০ জন প্রার্থী উপস্থিত থাকবেন। বরিশাল-৫ (সদর) আসনে জামায়াত প্রার্থী ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীমের সম্মানে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে পুরো বিভাগে এই জোটের প্রার্থীরা ২০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সফরসূচি অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথম জনসভায় যোগ দেবেন ডা. শফিকুর রহমান। এরপর দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জুমার নামাজের পর ২টায় পিরোজপুর ও দুপুর আড়াইটায় ঝালকাঠীর জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর নড়াইল, ফরিদপুরে তিনটি জনসভায় বক্তব্য দেবেন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন বলেন, ‘মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।
পিরোজপুরের জনসভায় জেলার তিনটি আসনের মধ্যে দুটি আসন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে যথাক্রমে পিরোজপুর-১ মাসুদ সাঈদী ও পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর পিরোজপুর-৩ আসনটি এনসিপিকে ছেড়ে দিয়েছে জামায়াত। ওই আসনে এনসিপির প্রার্থী ড. শামীম হামিদী। তাদের পরিচয় করিয়ে দেবে।
ঝালকাঠীর দুটি আসনে জামায়াত প্রার্থী দিয়েছেন। ঝালকাঠী-১ আসনে ফয়জুল হক ও ঝালকাঠী-২ আসনে নেয়ামুল করীম প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝালকাঠীতে জনসভা শেষ করে জামায়াত আমির যাবেন নড়াইল। বিকাল সাড়ে ৩টায় নড়াইল, সাড়ে চারটায় ফরিদপুর সদর ও সন্ধ্যা সাড়ে ৬টায় বোয়ালমারীতে জনসভা করে ঢাকায় ফিরবেন জামায়াত আমির।
নেতাকর্মীদের মতে, নির্বাচনের শেষ পর্যায়ে এসে জামায়াত আমিরের এই এক দিনের টানা সফর দলীয় প্রার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।
এর আগে বৃহস্পতিবার নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।