চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্লাস্টিকের তৈরি দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ করেছে প্রশাসন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের পুখুরিয়া ও ছত্রাজিতপুর বাজারসহ বিভিন্ন এলাকায় এসব প্লাস্টিকের দাঁড়িপাল্লা অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় তিন মিটারের বেশি উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থের কোনো প্রতীক বা প্রচার সামগ্রী স্থাপন করা যাবে না। এই বিধি লঙ্ঘন করায় সংশ্লিষ্ট প্রতীকগুলো অপসারণ করা হয়েছে।
তিনি আরও জানান, সব প্রার্থী ও সমর্থকদেরকে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সীমার বাইরের প্রচার উপকরণ সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ অভিযানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।